News71.com
 Bangladesh
 04 Feb 19, 05:14 AM
 150           
 0
 04 Feb 19, 05:14 AM

দিল্লি সফরকালে ভারতের প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে বৈঠক করবেন পররাষ্ট্রমন্ত্রী মোমেন॥  

দিল্লি সফরকালে ভারতের প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে বৈঠক করবেন পররাষ্ট্রমন্ত্রী মোমেন॥   

নিউজ ডেস্কঃ দিল্লি সফরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করবেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। এছাড়া ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের সঙ্গে তার বৈঠক হবে। আজ রবিবার দিল্লির কূটনৈতিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। বাংলাদেশ-ভারতের মধ্যে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের যৌথ পরামর্শক কমিশন (জেসিসি) বৈঠকে যোগ দিতে আগামী ৭ ফেব্রুয়ারি দিল্লি সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। সফরের প্রথম দিন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করবেন পররাষ্ট্রমন্ত্রী। এছাড়া ৮ ফেব্রুয়ারি দিল্লিতে তিনি ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের সঙ্গে বৈঠক করবেন। একইদিন দুই দেশের মধ্যে জেসিসি বৈঠকেও যোগ দেবেন উভয় দেশের পররাষ্ট্রমন্ত্রী।


জানা গেছে, জেসিসি বৈঠক সামনে রেখে বাংলাদেশ-ভারতের মধ্যে দ্বিপক্ষীয় বিষয়গুলো এখন উভয়পক্ষ পর্যালোচনা করছে। জেসিসি বৈঠকে দুই দেশের মধ্যে যোগাযোগ, পানি, কানেকটিভিটি, নিরাপত্তা, বিদ্যুৎ, জ্বালানি, সীমান্ত ব্যবস্থাপনা, ব্যবসা-বাণিজ্যসহ সব বিষয় আলোচনার জন্য প্রস্তুতি চলছে। জেসিসির চতুর্থ বৈঠক দিল্লিতে ২০১৭ সালের অক্টোবরে অনুষ্ঠিত হয়েছিলো। ওই বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দিয়েছিলেন তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। আর ভারতের পক্ষে নেতৃত্ব দিয়েছিলেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। তবে বাংলাদেশের একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর পররাষ্ট্রমন্ত্রী নিযুক্ত হয়েছেন ড. এ কে আব্দুল মোমেন। তিনিই এবার জেসিসি বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেবেন। পররাষ্ট্রমন্ত্রী পদে নিযুক্ত হওয়ার পর ড. এ কে আব্দুল মোমেনের এটাই হবে প্রথম বিদেশ সফর। দিল্লি থেকে পররাষ্ট্রমন্ত্রী আগামী ৯ ফেব্রুয়ারি ঢাকায় ফিরবেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন