
নিউজ ডেস্কঃ দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের সোয়েটো লোকেশনের এলডেরাডো পার্কে নাজমুল হুদা বিপ্লব (২৫) নামের এক বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে কৃষ্ণাঙ্গ সন্ত্রাসীরা। গতকাল শনিবার বাংলাদেশ সময় রাত আনুমানিক আটটার দিকে এ নৃশংস ঘটনা ঘটে। নিহত বিপ্লব ফেনীর দাগনভূঞা পৌরসভার ১নং ওয়ার্ডের উত্তর শ্রীধরপুর গ্রামের হোসেন সেরাং বাড়ির রেজাউল হক রেজু মিয়ার ছেলে। এ সংবাদে নিহতের পরিবারে চলছে শোকের মাতম। এ নিয়ে গত ১০ দিনে ফেনীর তিন যুবকসহ ৪ বাংলাদেশিকে খুন করলো দক্ষিণ আফ্রিকার সন্ত্রাসীরা। সরকারের কাছে এসব হত্যাকাণ্ডের বিচার চেয়ে দ্রুত তাদের লাশ দেশে আনার দাবি জানিয়েছেন নিহতদের পরিবার। নিহতের পিতা রেজাউল হক বিপ্লবের বন্ধু আফ্রিকা প্রবাসী মিলনের বরাত দিয়ে জানান, এলডেরাডো পার্কের ওই দোকানে সেদিন একা ছিলেন বিপ্লব।
রাত আনুমানিক আটটার দিকে স্থানীয় সন্ত্রাসীরা দোকানের ভিতরে ঢুকে তাকে গুলি করলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। আফ্রিকার বাংলাদেশিদের কাছে এ খবর শুনে বিপ্লবের পরিবার শোকে মূহ্যমান হয়ে পড়েছে। জানা যায়, প্রায় ৪ বছর আগে জীবিকার তাগিদে আফ্রিকায় পাড়ি জমিয়েছিল বিপ্লব। এর আগে ২৭ জানুয়ারি দক্ষিণ আফ্রিকার জুলু নাটাল প্রভিন্সের পিটা মেরিজবার্গ শহরে মোহাম্মদ শাহপরাণ (৩০) নামে ফেনী শহরের মধ্যম চাড়িপুরের একজনকে মালামালের দাম নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে ছুরিকাঘাতে হত্যা করে স্থানীয় সন্ত্রাসীরা। অপরদিকে গত ২৩ জানুয়ারি দক্ষিণ আফ্রিকার রাস্টনবার্গ এলাকায় সন্ত্রাসীদের গুলিতে ফেনীর দাগনভূঞা উপজেলার মহিন উদ্দিন মহিনকে (৪০) স্থানীয় সন্ত্রাসীরা গুলি করে হত্যা করে লাশ ফ্রিজে রেখে যায়।