News71.com
 Bangladesh
 04 Feb 19, 05:09 AM
 105           
 0
 04 Feb 19, 05:09 AM

কোটা পদ্ধতি একেবারে বাতিল সমর্থনযোগ্য নয়॥ সুলতানা কামাল

কোটা পদ্ধতি একেবারে বাতিল সমর্থনযোগ্য নয়॥ সুলতানা কামাল

নিউজ ডেস্কঃ মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি অ্যাডভোকেট সুলতানা কামাল বলেছেন, এদেশের মানুষ মুক্তিযুদ্ধ করে স্বাধীনতা অর্জন করেছে। আমরা সেইসব মানুষের সু উত্তরাধিকারী। সু উত্তারাধিকারীর কর্তব্য হচ্ছে তার উত্তরাধিকারকে সমৃদ্ধ করা সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া, তাকে বেঁচে খাওয়া না। আমরা যেন মুক্তিযুদ্ধকে বেঁচে না খেয়ে সেটাকে আরো সমৃদ্ধ করি এবং নিজেদের মুক্তিযুদ্ধের সু উত্তরাধিকারী হিসেবে প্রতিষ্ঠিত করি। ছাত্র-ছাত্রীদের বিভিন্ন প্রশ্নের উত্তরে তিনি বলেন, একেবারে কোটা পদ্ধতি বাতিল করে দেওয়াটা সমর্থন করা যায় না। সংবিধানের অনেক বিষয় আছে যেগুলো একটার সাথে অন্যটি সাংঘর্ষিক। সংবিধানের অনেক বিষয় আছে যেগুলোর প্রয়োগ অত্যন্ত ক্ষীণ। খুবই দুর্বল প্রয়োগ। রাষ্ট্র কখনো আইন ভঙ্গ করতে পারে না। সেই হিসেবে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সংবিধান পরিপন্থী। আজ রবিবার রণদা প্রসাদ সাহা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে মানবাধিকার সংবিধান এবং বাংলাদেশ শীর্ষক সেমিনারে প্রধান আলোচক হিসেবে তিনি এসব কথা বলেন। বিশ্ববিদ্যালয়ের আইন ও মানবাধিকার বিভাগের উদ্যোগে এই সেমিনারের আয়োজন করা হয়। সুলতানা কামাল, মানবাধিকারের মূল কথাটাই হচ্ছে প্রতিটি মানুষ তার পরিচয় নির্বিশেষে শঙ্কামুক্ত জীবন যাপন করবে। নিরাপদে থাকবে তার কর্মঘণ্টার অযথা অপচয় হবে না। তাকে কোনো দুর্নীতির মধ্য দিয়ে জীবনযাপন করতে হবে না। তাকে কোনো রকম ভয়ভীতি ও অভাববোধের মধ্যে দিয়ে জীবনযাপন করতে হবে না। মানুষ শান্তিতে থাকবে স্বস্তিতে থাকবে সম্মানের সঙ্গে থাকবে। নারীরা চলাফেরার ক্ষেত্রে কোনো ভয় থাকবে না। তিনি আরো বলেন, অর্জনের তালিকা আমাদের খুব ছোট নয়। আমরা অনেক দূর এগিয়েছি। সবচেয়ে বড় কথা আমরা স্বাধীন দেশের নাগরিক হিসেবে পরিচিত হয়েছি। বিশ্বে বাংলাদেশ একটা জায়গা করে দিয়েছে। বিভিন্ন সূচকে নানাভাবে বাংলাদেশ জায়গা করে নিয়েছে।

তারপরেও আমরা যারা মানবাধিকারে বিশ্বাস করি একজন মানুষ ব্যক্তিগত জীবনে যে স্বাচ্ছন্দবোধ নিরাপত্তাবোধ নির্ণয় করবে সেই দেশ কতটুকু এগিয়ে গেছে। আমাদের কাঠামোগত অনেক উন্নয়ন হতে পারে। নানাভাবে চমক সৃষ্টি করতে পারি। কিন্তু সেই উন্নয়নের ফলাফল ব্যক্তি মানুষের জীবনকে সমৃদ্ধ করছে কিনা সেটাই সমাজ ও দেশ এগিয়ে যাওয়ার নির্ভর করবে। সুলতানা কামাল বলেন, কিছু কিছু ক্ষেত্রে মানবাধিকারের প্রকট অভাব রয়েছে। যেমন ডিজিটাল সিকিউরিটি আইনে মানুষের বাক স্বাধীনতা হরণ করা হয়েছে। অনেক ক্ষেত্রেই নারীর প্রতি আইনগত বৈষম্য রয়ে গেছে। এই আধুনিকতার যুগে এসেও দুই তৃতীয়াংশ মানুষ বিনা বিচারে আটক থাকে। এর মধ্যে বড় একটা অংশ হচ্ছে কোনো অপরাধ না করেই আটক রয়েছে। আমরা বিচার বহির্ভূত হত্যাকাণ্ড দেখছি। এমনও অনেক হত্যাকাণ্ড রয়েছে দীর্ঘদিন ধরে বিচার হয় না। প্রধান অতিথির বক্তব্যে বোর্ড অব ট্রাস্টিস (আরপিএসইউটি) চেয়ারম্যান রাজীব প্রসাদ সাহা বলেন, স্বাস্থ্য সেবা, শিক্ষা এবং নারীর ক্ষমতায়নে ঠিক ৭০ বছর ধরে কাজ করে যাচ্ছে কুমুদিনী। কুমুদিনীর প্রতিষ্ঠাতা রণদা প্রসাদ সাহার জন্ম ১৮৯৭ সালে টাংগাইলের মির্জাপুরে। রণদা প্রসাদ সাহা তাঁর সকল সম্পদ দান করে দেন মানুষের মঙ্গলের জন্য। বিশেষ করে নারীর মুক্তি ও নারীর ক্ষমতায়নের জন্য তিনি অনেক কাজ করেছেন। তিনি সাধারণ মানুষের উন্নত জীবন নিয়ে চিন্তা করেছেন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেস ড. মনীন্দ্র কুমার রায়ের সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন বোর্ড অব স্ট্রাস্টিস (আরপিএসইউটি) অন্যতম সদস্য শ্রীমতি সাহা, কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্টের অন্যতম পরিচালক সম্পা সাহা, কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্টের পরিচালক শ্রী মহাবীর পতি, আরপিএসইউ এর উপদেস্টা আবু আলম মো. শহীদ খান, ইংরেজী বিভাগের প্রধান প্রফেসর ড. সুশিল কুমার দাস, আইন ও মানবাধিকার বিভাগের বিভাগীয় প্রধান কাজী লতিফুর রেজা, ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. মুসলেহউদ্দিন, ফার্মেসি বিভাগের বিভাগীয় প্রধান ড. তরিকুল ইসলাম, সিএসই বিভাগের বিভাগীয় প্রধান মো. শাহারিয়ার পারভেজ ও ইইই বিভাগের বিভাগীয় প্রধান মো. মোহাম্মদ হোসেনসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন