
নিউজ ডেস্কঃ পুলিশ জনতা ঐক্য গড়ি, মাদক–জঙ্গি নির্মূল করি এই প্রতিপাদ্যকে সামনে রেখে পুলিশ সপ্তাহ শুরু হচ্ছে আগামীকাল সোমবার (৪ ফেব্রুয়ারি)। এ কর্মসূচি চলবে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত। আগামীকাল সোমবার পুলিশ সপ্তাহের প্রথম দিনের সকালে রাজারবাগ পুলিশ লাইনস মাঠে পুলিশের প্যারেডের মধ্যদিয়ে পুলিশ সপ্তাহ শুরু হবে। উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সারাদেশের বিভিন্ন পুলিশ ইউনিটের সহস্রাধিক সদস্যদের সমন্বয়ে গঠিত ১০টি কন্টিনজেন্ট এবং পতাকাবাহীদলের নয়নাভিরাম কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করবেন প্রধানমন্ত্রী। প্যারেডের অধিনায়ক হিসেবে নেতৃত্ব দেবেন পুলিশ সুপার (এসপি) আবিদা সুলতানা।
প্যারেড শেষে ২০১৮ সালে পুলিশ বাহিনীর সদস্যদের অসীম সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের সর্বোচ্চ স্বীকৃতি বিপিএম-পিপিএম প্রদান করবেন প্রধানমন্ত্রী।স্বীকৃতিপ্রাপ্তদের মধ্যে ৪০ জন বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম), ৬২ জন রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম), ১০৪ জন বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম)-সেবা এবং ১৪৩ জন রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম)-সেবা পাবেন। জঙ্গি ও সন্ত্রাস মোকাবেলায় ডিএমপির গোয়েন্দা বিভাগের নিহত ইন্সপেক্টর মো. জালাল উদ্দিনকে পিপিএম ও ডিএমপির কনস্টেবল মরহুম মো. শামীম মিয়াকে বিপিএম দেয়া হয়েছে। প্রধানমন্ত্রী তাদের পরিবারের সদস্যদের হাতে মরণোত্তর পদক তুলে দেবেন। প্যারেড শেষে রাজারবাগ পুলিশ লাইন্সে স্থাপিত পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর স্টল পরিদর্শন এবং পুলিশ সদস্যদের সঙ্গে কল্যাণ সভায় অংশগ্রহণ করবেন প্রধানমন্ত্রী। আগামী ৮ ফেব্রুয়ারি (শুক্রবার) আইনশৃঙ্খলা ও অপরাধ-সংক্রান্ত মতবিনিময় সভার মধ্যদিয়ে শেষ হবে পুলিশ সপ্তাহ।