
নিউজ ডেস্কঃ গণভবনে প্রধানমন্ত্রীর চা-চক্রে অংশ নেওয়া জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জি এম কাদের বলেছেন,‘আজকের চা-চক্রের মূল বিষয় ছিল সবার সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলা। এ লক্ষ্যেই প্রধানমন্ত্রী এই অনুষ্ঠানের আয়োজন করেছেন। তিনি বলেন, রাজনৈতিক নেতারা সেখানে খোলামেলা মনে আলোচনা করেছেন। আমি মনে করি, এটা ভবিষ্যতে রাজনীতির জন্য ইতিবাচক ভূমিকা রাখবে। আজ শনিবার সন্ধ্যায় গণভবনে চা-চক্র শেষে বের হয়ে যাওয়ার সময় সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন তিনি।
জিএম কাদের বলেন, এটা শুধু চা-চক্র। ইনফরমাল ওয়েতে (অনানুষ্ঠানিকভাবে) আমরা একজন আরেকজনের সঙ্গে মিশেছি। সৌহার্দ্যের যে বন্ধন সেটা আরও দৃঢ় হয়েছে। জাপা মহাসচিব মসিউর রহমান রাঙ্গা বলেন, এ ধরনের আয়োজন ভবিষ্যত প্রজন্মের জন্য ভালো। আমরা প্রধানমন্ত্রীকে একটা রিসোর্টে আমন্ত্রণ জানিয়েছি, যেখানে তার নিরাপত্তার কোনও সমস্যা হবে না, এ রকম কোনও একটি জায়গা। ওই দিনের দাওয়াতে আজকে যারা ছিলেন সবাই থাকবেন।