
মিথুন কুমারঃ ঋতুরাজ বসন্তে প্রকৃতির নিয়মে আমের গাছে গাছে এখন মুকুলের সবুজ সমারোহ। যেদিকে চোখ যায় গাছে গাছে শুধু মুকুলের সমারোহ। সোনালি হলুদ রঙের আমের মুকুলের মনকাড়া ঘ্রাণ। মৌমাছির দল ঘুরে বেড়াচ্ছে গুনগুন শব্দে। ছোট পাখিরাও মুকুলে বসেছে মনের আনন্দে। প্রকৃতিতে শীতের প্রকোপ এবার কিছুটা কম থাকায় বেশ আগেভাগেই মুকুলে মুকুলে ছেয়ে গেছে খুলনার বটিয়াঘাটা উপজেলার বিভিন্ন গ্রামের আম বাগানগুলোতে। থোকা থোকা মুকুলেরভারে ঝুলে পড়েছে আম গাছের ডালপালা। বটিয়াঘাটা উপজেলার বাগান মালিক ও ব্যবসায়ীরা ভালো ফলনের স্বপ্ন দেখছে। উপজেলার বসুরাবাদ গ্রামে সব চেয়ে বেশি আমের মুকুল দেখা যাচ্ছে আনন্দ মণ্ডলের আম বাগানে। তার প্রায় ২১৫টি গাছে আমের মুকুল ফুটেছে। আবার কোনো কোনো গাছে আমের মুকুল থেকে বেরিয়েছে ছোট ছোট গুটি আম। বাগান মালিকরা আমের ভালো ফলন পেতে ছত্রাকনাশক প্রয়োগসহ বাগান পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন। উপজেলার বসুরাবাদ গ্রামের আম চাষি আনন্দ মণ্ডল নিউজ৭১ ডটকম”কে বলেন, বাগানের অধিকাংশ গাছ-ই এরইমধ্যে মুকুলে ছেয়ে গেছে। এবার কুয়াশা কম থাকায় মুকুল ভালোভাবে ফুটেছে। এখন আমের ভালো ফলন পেতে ছত্রাকনাশক প্রয়োগসহ বাগান পরিচর্যায় ব্যস্ত সময় পার করছি। তিনি আরও বলেন এই বছর ভালো ফলন আশা করছি।
বটিয়াঘাটা উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তা দীপন হালদার নিউজ৭১ ডটকম”কে জানান, খুলনায় গাছে গাছে এখন প্রচুর আমের মুকুল। বাতাসে ভেসে বেড়াচ্ছে এর সুগন্ধ। গ্রামগঞ্জ সর্বত্র আমগাছ তার মুকুল নিয়ে হলুদ রঙ ধারণ করে সেজেছে এক অপরূপ সাজে। গাছে গাছে অজস্র মুকুল দেখে বাম্পার ফলনের আশা করা যাচ্ছে। প্রাকৃতিক কারণেই এবার আগেভাগেই আম গাছে মুকুল এসেছে।পরিচর্যা আর আধুনিক প্রযুক্তি ব্যবহারের কারণে আমের উৎপাদন বাড়ছে। তিনি আরও জানান, আমের মুকুল আসার আগে-পরে যেমন আবহাওয়ার প্রয়োজন, এ বছর তা বিরাজ করছে। ডিসেম্বরের শেষ থেকে মার্চের প্রথম সপ্তাহ পর্যন্ত আম গাছে মুকুল আসার আদর্শ সময়। এ সময়ে মুকুলের প্রধান শত্রু কুয়াশা। এখন পর্যন্ত কুয়াশা কম এবং আকাশে উজ্জ্বল রোদ থাকায় আমের মুকুল সস্পূর্ণ প্রস্ফুটিত হচ্ছে। উপসহকারী কৃষি কর্মকর্তা দীপন হালদার জানান, বটিয়াঘাটা উপজেলার ১৪৮ হেক্টর জমিতে আমের বাগান রয়েছে। বটিয়াঘাটার আম চাষীরাদের অর্জন ভালো। বড় ধরনের কোনো প্রাকৃতিক দুর্যোগ না হলে এবং আবহাওয়া অনুকূলে থাকলে এ বছর আমের বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে বলে জানান তিনি। বড় ধরনের কোনো প্রাকৃতিক দুর্যোগ না হলে এবং আবহাওয়া অনুকূলে থাকলে এ বছর আমের বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে বলে বাগান মালিক ও আম চাষিরা আশা করছেন।