
নিউজ ডেস্কঃ রাজনীতিবিদদের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার চা-চক্র আজ শনিবার। যেসব রাজনৈতিক দল নির্বাচনে এবং আগের সংলাপে অংশ নিয়েছিল, তাদেরকে চা-চক্রে আমন্ত্রণ জানানো হয়েছে। তবে আগের সংলাপে অংশ নিলেও এবার চা-চক্রে অংশ নিচ্ছেন না জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা। প্রধানমন্ত্রীকে চিঠি দিয়ে এ সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন তারা। আজ শনিবার বিকাল সাড়ে তিনটায় গণভবনের এই চা-চক্র শুরু হবে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে গত নভেম্বরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ঐক্যফ্রন্টসহ দেশের প্রায় সব রাজনৈতিক দলের সংলাপ হয়। এর ধারাবাহিকতায় চা-চক্রে অংশ নেওয়ার জন্য দলগুলোকে আমন্ত্রণ জানানো হয়।
প্রধানমন্ত্রীর প্রটোকল উইং সূত্রে জানা যায়, ১৪ দল, জাতীয় পার্টি, যুক্তফ্রন্টসহ বামদলগুলোকে শনিবারের চা-চক্রে নিমন্ত্রণ করা হয়েছে। জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জি এম কাদেরের ব্যক্তিগত সহকারী মোহাম্মদ আবু তৈয়ব জানান, জাতীয় পার্টি চা-চক্রে উপস্থিত থাকবে। ১৪ দলের শরিক ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন, তারা চা-চক্রে যাচ্ছেন। আরেক শরিক জাসদের একাংশের সভাপতি শরীফ নুরুল আম্বিয়াও চা-চক্রে যোগ দেবেন বলে জানান। গণভবন সূত্র জানায়, প্রধানমন্ত্রীর সরকারি এ বাসভবনের সবুজ লনে চা-চক্র অনুষ্ঠিত হবে। এতে প্রধানমন্ত্রী উপস্থিত নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন। প্রসঙ্গত, এর আগে একাদশ সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে সরকার গঠনের পর ঢাকায় কর্মরত বিদেশি কূটনীতিক এবং সাহিত্য-সাংস্কৃতিক অঙ্গনের বিভিন্ন ব্যক্তিদের সঙ্গে চা-চক্রে মিলিত হয়েছিলেন প্রধানমন্ত্রী।