
নিউজ ডেস্কঃ নবনিযুক্ত নৌবাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল এএমএমএম আওরঙ্গজেব চৌধুরী গতকাল বৃহস্পতিবার বিকেলে বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন বলেন, নৌবাহিনী প্রধান সাক্ষাৎকালে রাষ্ট্রপতিকে নৌবাহিনীর সার্বিক কর্মকাণ্ড সম্পর্কে অবহিত করেন। রাষ্ট্রপতি হামিদ নৌবাহিনীর কর্মকাণ্ড এবং দেশের সমুদ্রসীমা রক্ষায় তাদের পেশাগত দায়িত্ব পালনে তার সন্তোষ প্রকাশ করেন। নৌবাহিনী এর মধ্যে ত্রিমাত্রিক বাহিনীতে পরিণত হয়েছে উল্লেখ করে রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন যে, বাংলাদেশ নৌবাহিনী নতুন নৌবাহিনী প্রধানের নেতৃত্বে সুনামের সঙ্গে এগিয়ে যাবে।
সামুদ্রিক অর্থনীতি দেশের অর্থনৈতিক উন্নয়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ খাত উল্লেখ করে রাষ্ট্রপতি সামুদ্রিক সম্পদ আহরণ ও সুরক্ষায় অধিকতর সতর্ক হওয়ার জন্য নৌবাহিনী প্রধানের প্রতি আহ্বান জানান। নৌবাহিনী প্রধান দায়িত্ব পালনে রাষ্ট্রপতির নির্দেশনা ও সহযোগিতা চাইলে সশস্ত্র বাহিনীর কমান্ডার-ইন-চিফ ও রাষ্ট্রপতি হামিদ তাকে অব্যাহত সহযোগিতার আশ্বাস দেন। রাষ্ট্রপতির সঙ্গে সংশ্লিষ্ট সচিবগণ এ সময় উপস্থিত ছিলেন। আওরঙ্গজেব গত ২৬ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ নৌবাহিনীর দায়িত্ব গ্রহণ করেন।