
নিউজ ডেস্কঃ শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বিশ্বমানের শিপ ব্রেকিং ও রিসাইক্লিং শিল্প গড়ে তুলতে হংকং কনভেনশন মেনে চলার পরামর্শ দিয়েছেন। জাতীয় অর্থনীতিতে শিপ ব্রেকিং ও রিসাইক্লিং শিল্পখাতের গুরুত্ব উপলব্ধি করে সরকারের ইশতেহারে এখাতের উন্নয়নের বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়েছে। চীন এই শিল্পখাত থেকে সরে যাওয়ায় বাংলাদেশি শিপ ব্রেকিং ও রিসাইক্লিং শিল্প উদ্যোক্তাদের জন্য নতুন সম্ভাবনা তৈরি হয়েছে বলে তিনি মন্তব্য করেন। বাংলাদেশ শিপ ব্রেকার্স অ্যান্ড রিসাইক্লার্স অ্যাসোসিয়েশনের (বিএসবিআরএ) প্রতিনিধিদলের সাথে বৈঠককালে শিল্পমন্ত্রী এ পরামর্শ দেন। শিল্পমন্ত্রীর দপ্তরে আজ এই বৈঠক অনুষ্ঠিত হয়।
শিল্পমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে বাংলাদেশ দ্রুত উন্নয়নশীল দেশ থেকে উন্নত দেশের দিকে এগিয়ে যাচ্ছে। অর্থনৈতিক অগ্রগতির ফলে দেশে শিল্প কারখানা, রাস্তা-ঘাট, সড়ক যোগাযোগসহ বিপুল পরিমাণে অবকাঠামো গড়ে ওঠছে। এসব অবকাঠামো নির্মাণে প্রচুর পরিমাণে স্টিল ও আয়রণ ব্যবহার হচ্ছে। তিনি বলেন, শিপ ব্রেকিং ও রিসাইক্লিং শিল্পখাত সাফল্যের সাথে এ স্টিল ও আয়রনের চাহিদার যোগান দিচ্ছে। তিনি পরিবেশবান্ধব শিপ ব্রেকিং ও রিসাইক্লিং শিল্প গড়ে তুলতে শ্রমিকদের প্রশিক্ষণ, উন্নত কর্মপরিবেশ, পেশাগত নিরাপত্তাসহ অন্যান্য ইস্যুতে উন্নয়নের পরামর্শ দেন। এর মাধ্যমে আগামী দিনে দেশে বিপুল পরিমাণে ফরওয়ার্ড ও ব্যাকওয়ার্ড লিংকেজ শিল্প গড়ে ওঠবে বলে তিনি আশা প্রকাশ করেন।