News71.com
 Bangladesh
 31 Jan 19, 06:28 AM
 184           
 0
 31 Jan 19, 06:28 AM

প্রেক্ষাগৃহে যেয়ে “ফাগুন হাওয়ায়” সিনেমা দেখবেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।।

প্রেক্ষাগৃহে যেয়ে “ফাগুন হাওয়ায়” সিনেমা দেখবেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।।

নিউজ ডেস্কঃ এরপর প্রেক্ষাগৃহে দর্শক দেখতে পাবেন তৌকীর আহমেদের নতুন সিনেমা “ফাগুন হাওয়ায়”। ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে নির্মিত ছবিটি দেখার জন্য আগ্রহ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। আগামী ১৫ ফেব্রুয়ারি বিকেলে রাজধানীর ধানমন্ডিতে স্টার সিনেপ্লেক্সের সীমন্ত সম্ভার শাখায় ছবিটি দেখবেন তিনি। গণমাধ্যমকে নিশ্চিত করেছেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর। তিনি ফাগুন হাওয়ায় ছবির প্রযোজক আর ছবিটি নির্মাণ করা হয়েছে তাঁর প্রযোজনা প্রতিষ্ঠান ইমপ্রেস টেলিফিল্ম। ফাগুন হাওয়ায় ছবিটি ৮ ফেব্রুয়ারি মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু পরে পরিচালক ও প্রযোজনা প্রতিষ্ঠান সিদ্ধান্ত বদল করে। ছবিটি মুক্তি পাবে আগামী ১৫ ফেব্রুয়ারি। এই ছবিতে অভিনয় করেছেন তিশা, সিয়াম, আবুল হায়াত, আফরোজা বানু, ফারুক হোসেন, সাজু খাদেম, আজাদ সেতু, বলিউডের অভিনেতা যশপাল শর্মা প্রমুখ। টিটো রহমানের বউ কথা কও গল্পের অনুপ্রেরণায় নির্মিত হয়েছে ফাগুন হাওয়ায় সিনেমা।

ফাগুন হাওয়ায় ছবিটি দেখার জন্য রাষ্ট্রপতি আবদুল হামিদকে আমন্ত্রণ জানাতে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় বঙ্গভবনে যান চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর এবং পরিচালক ও বার্তাপ্রধান শাইখ সিরাজ। রাষ্ট্রপতি ছবিটি প্রেক্ষাগৃহে গিয়ে দেখার আমন্ত্রণ গ্রহণ করেছেন। ফরিদুর রেজা সাগর বলেন, ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে ছবিটি তৈরি করা হয়েছে। আমরা চেয়েছি ছবিটি রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের ব্যক্তিত্বরা যেন দেখেন। তাই রাষ্ট্রপতিকে আমন্ত্রণ জানিয়েছি। তিনি সানন্দে আমাদের আমন্ত্রণ গ্রহণ করেছেন। শুধু তা-ই নয়, আমরা চাই, ছবিটি মন্ত্রিপরিষদের সদস্যরাও যেন প্রেক্ষাগৃহে পরিবার নিয়ে দেখেন। ফাগুন হাওয়ায় ছবি দেখার আমন্ত্রণ জানানোর পাশাপাশি রাষ্ট্রপতি আবদুল হামিদের হাতে দুটি গানের সিডি ও বই তুলে দেন ফরিদুর রেজা সাগর। সাবিনা ইয়াসমীনের গাওয়া ‘গান গেয়ে পরিচয়’, রেজওয়ানা চৌধুরী বন্যার ‘তুমি মোর পাও নাই পরিচয়’ এবং ফরিদুর রেজা সাগরের লেখা ‘বাংলা টেলিভিশনের ৫০ বছর’ বইটি তুলে দেওয়ার সময় পাশে ছিলেন শাইখ সিরাজ। ফাগুন হাওয়ায় ছবির ট্রেলার প্রকাশিত হয় ২০ জানুয়ারি।

তৌকীর আহমেদ জানান, আজ বৃহস্পতিবার দুপুরে চ্যানেল আইয়ের তারকাকথন অনুষ্ঠানে প্রকাশিত হবে ছবির নতুন গান। গানটির শিরোনাম ‘আমি বারবার হাজারবার’। তাতে কণ্ঠ দিয়েছেন পিন্টু ঘোষ ও সুকন্যা। ফাগুন হাওয়ায় ছবিতে এক মফস্বল শহরে ভাষা আন্দোলনের সময়ে মানুষের ভাবনা, আন্দোলন আর চেতনাকে রূপক অর্থে তুলে ধরেছেন তৌকীর আহমেদ। তাঁর মতে, অভিনয়শিল্পীদের চমৎকার অভিনয় আর সুনির্মাণের যে চেষ্টা, তাতে ছবিটি দর্শকদের ভালো লাগবে। এই ছবির একটি আর্কাইভাল মূল্যও আছে। ছবিটি রাষ্ট্রপতির দেখার খবরে আনন্দিত তৌকীর আহমেদ। তিনি বলেন, একজন নির্মাতা হিসেবে এটা নিঃসন্দেহে অনেক বেশি আনন্দের ও অনুপ্রেরণার। রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের ব্যক্তিত্বরা যখন প্রেক্ষাগৃহে এসে সিনেমা দেখার আগ্রহ প্রকাশ করেন, তা নির্মাতার উৎসাহ অনেক বাড়িয়ে দেয়। একটি ভালো মানের সিনেমা বানানোর চেষ্টা করেছি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন