
নিউজ ডেস্কঃ রেলপথ মন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন বলেছেন, রেলে প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে কালোবাজারি রোধসহ যাত্রীদের সার্বিক সেবা দেওয়া সম্ভব। বর্তমানে রেলওয়ের বেশ কিছু সেবা অনলাইন ও এসএমএস এর মাধ্যমে প্রদান করা হচ্ছে। প্রস্তাবিত সিস্টেমটি বাস্তবায়িত হলে রেলের সকল সেবা একটি মাত্র প্লাটফর্ম থেকে প্রদান করা যাবে। রেলপথ মন্ত্রণালয়ের সেবা ডিজিটালাইজেশন করার লক্ষ্যে এক মতবিনিময় সভায় আজ বুধবার মন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন এ সব কথা বলেন। রেলপথ মন্ত্রণালয় ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের যৌথ উদ্যোগে রেলভবনের সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক উপস্থিত ছিলেন। রেলপথ মন্ত্রী বলেন, সুন্দর, আধুনিক, প্রযুক্তি নির্ভর দেশ গড়ার লক্ষ্যে আমরা সম্মিলিতভাবে কাজ করছি। প্রযুক্তি ছাড়া উন্নয়ন সম্ভব নয়।