News71.com
 Bangladesh
 30 Jan 19, 12:00 PM
 103           
 0
 30 Jan 19, 12:00 PM

বাংলাদেশের সঙ্গে উন্নয়নের অংশীদার হতে চায় ব্রাজিল।।কৃষিমন্ত্রী রাজ্জাক

বাংলাদেশের সঙ্গে উন্নয়নের অংশীদার হতে চায় ব্রাজিল।।কৃষিমন্ত্রী রাজ্জাক

নিউজ ডেস্কঃ কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক বলেছেন, বাংলাদেশের সঙ্গে সম্পর্কের আরও উন্নয়ন ঘটাতে চায় ব্রাজিল। এছাড়া বাংলাদেশের অগ্রগতি এবং উন্নয়নের অংশীদার হতে চায় দেশটি। আজ বুধবার কৃষিমন্ত্রীর সঙ্গে তার কার্যালয়ে ঢাকায় নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত জোয়াও তাবাজারা ডি অলিভেইরা জুনিয়র সাক্ষাৎ করে এ আগ্রহের কথা জানান। রাষ্ট্রদূত বলেন, কৃষি ক্ষেত্রে সম্ভাবনাগুলো কাজে লাগাতে এবং সহযোগিতার নতুন ক্ষেত্র খুঁজে বের করতে পারি। দুই দেশের মধ্যে কৃষির ধারণাগুলো পারস্পরিক বিনিময়ের মাধ্যমে আরও উন্নয়ন সম্ভব।

ব্রাজিল বাংলাদেশের গার্মেন্টসের বড় ক্রেতা উল্লেখ্য করে তিনি জানান, বাংলাদেশে তৈরি পোশাকের মান বিশ্বের অন্যান্য দেশের তুলনায় অনেক ভালো। বাংলাদেশ থেকে প্রথম গো-সম্পদ যায় ব্রাজিলে। যেটি এখন সে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ সম্পদ হিসেবে পরিণত হচ্ছে। ব্রাজিলে একটি গরু দিনে ১০০ লিটার পর্যন্ত দুধ দেয় এবং প্রতি কিলোগ্রাম মাংস বিক্রি হয় পাঁচ ডলারে। কৃষি সম্পর্কিত পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়ের ওপর গুরুত্ব দিয়ে কৃষিমন্ত্রী বলেন, কৃষির উন্নয়নে সরকারের বিভিন্ন পদক্ষেপ অবহিত করা হয়েছে। পুষ্টিকর ও নিরাপদ খাদ্য নিশ্চতে সরকার কাজ করে যাচ্ছে। এ সময়ে বাংলাদেশের কৃষি বাণিজ্যিকীকরণ ও প্রক্রিয়াজাতকরণে ব্রাজিলের কারিগরি সহায়তা চান তিনি। মন্ত্রী বলেন, বর্তমানে রাজনৈতিক পরিবেশ যে কোনো সময়ের চেয়ে অনেক ভালো এবং দেশে বিনিয়োগের নিরাপদ পরিবেশ বিরাজ করছে। তাই ব্রাজিলের বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন