News71.com
 Bangladesh
 30 Jan 19, 11:29 AM
 229           
 0
 30 Jan 19, 11:29 AM

উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে একক প্রার্থী দেবে আওয়ামী লীগ॥

উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে একক প্রার্থী দেবে আওয়ামী লীগ॥

নিউজ ডেস্কঃ উপজেলা পরিষদ নির্বাচনে শুধুমাত্র চেয়ারম্যান পদে একক প্রার্থী দেবে ক্ষমতাসীন আওয়ামী লীগ। উপজেলা ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদ উন্মুক্ত রাখার সিদ্ধান্ত নিয়েছে দলটি। আজ বুধবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন। দলটির দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপের স্বাক্ষরিত এ বিবৃতি গণমাধ্যমে পাঠানো হয়। বিবৃতিতে ওবায়দুল কাদের জানান, আওয়ামী লীগ সভাপতি ও দলটির স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভাপতি শেখ হাসিনার নির্দেশনা মোতাবেক আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে একক প্রার্থী মনোনয়ন দেয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে স্থানীয় সরকার মনোনয়ন বোর্ড। তবে উপজেলা ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী মনোনয়ন প্রদান করবে না বোর্ড।

বিবৃতিতে আরও জানানো হয়, আওয়ামী লীগের গঠনতন্ত্রের ২৮(৪) ধারা মোতাবেক জেলা, উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ নেতৃবৃন্দের পরামর্শ গ্রহণপূর্বক জেলা এবং উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকদের (৪ জন) স্বাক্ষরে চেয়ারম্যান পদের জন্য ঐক্যমতের ভিত্তিতে একক প্রার্থী অথবা অনধিক ৩ জনের একটি প্রার্থী তালিকা আগামী ৩ ফেব্রুয়ারি মধ্যে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে পাঠানোর অনুরোধ জানানো হয়েছে। প্রার্থীদের জাতীয় পরিচয়পত্রের ফটোকপি অবশ্যই প্রেরণ করতে হবে, যা বাধ্যতামূলক। সারাদেশে ৪৯২টি উপজেলার মধ্যে ৪৮১টি উপজেলায় পাঁচ ধাপে নির্বাচন অনুষ্ঠিত হবে। আগামী মার্চে চার ধাপে ৪৬৪টি নির্বাচন শেষ করার পরিকল্পনা আছে নির্বাচন কমিশনের। বাকিগুলোতে ভোটগ্রহণ হবে ঈদুল ফিতরের পর।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন