
নিউজ ডেস্কঃ ভূমি ব্যবহারে একটি জাতীয় নীতিমালা তৈরির নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অর্থাৎ কোন জমিতে শিল্প হবে, কোন জমিতে কৃষিকাজ হবে এবং কোন জমিতে আবাসিক ভবন হবে ইত্যাদি বিষয় সুনির্দিষ্ট করা হবে। ভূমি মন্ত্রণালয়কে পরিকল্পনা তৈরি করে তা উপস্থাপনের নির্দেশ দিয়েছেন তিনি। এছাড়া রেল, নৌ, বিমান নিয়ে একটি সমন্বিত যোগাযোগ নেটওয়ার্ক ও তৈরির নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। সেই সঙ্গে ভবিষ্যতে মিটার গেজ রেললাইনকে ব্রডগেজে রূপান্তরের তাগিদ দিয়েছেন। তাছাড়া রেলওয়েকে সক্ষমতা বাড়ানোর কথা বলেছন। পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান সাংবাদিকদের একথা জানান। গতকাল মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে এ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা। একনেক বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান। এ সময় পরিকল্পনা বিভাগের সিনিয়র সচিব জিয়াউল ইসলাম এবং সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য (সিনিয়র সচিব) ড. শামসুল আলমসহ পরিকল্পনা কমিশনের সদস্যরা উপস্থিত ছিলেন। বাংলাদেশ রেলওয়ের জন্য ৭০টি মিটারগেজ ইঞ্জিন সংগ্রহসহ ৯ প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। এগুলোর বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে ১৬ হাজার ৪৩৩ কোটি টাকা।
এর মধ্যে সরকারের নিজস্ব তহবিল থেকে ১৩ হাজার ৬২০ কোটি ২৭ লাখ টাকা, বৈদেশিক সহায়তা থেকে ২ হাজার ৫২৭ কোটি ৩৯ লাখ টাকা এবং বাস্তবায়নকারী সংস্থার নিজস্ব তহবিল থেকে ২৮৫ কোটি ৬৯ লাখ টাকা ব্যয় করা হবে। গতকাল মঙ্গলবারের সভায় এ প্রস্তাব অনুমোদন দেয়া হয়। একনেকে অনুমোদিত প্রকল্পগুলো হচ্ছে ৭০টি মিটার গেজ (এমজি) ডিজেল ইলেকট্রিক (ডিই) লোকোমোটিভ সংগ্রহ (প্রথম সংশোধিত) প্রকল্প। পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের সার্বিক নিরাপত্তা বিধানকল্পে ৯৯ কম্পোজিট ব্রিগেড স্থাপন (প্রথম সংশোধিত প্রকল্প)। লিংক রোড লাবনী মোড় সড়ক চার লেনে উন্নীতকরণ প্রকল্প। আরিচা (বরঙ্গাইল)-ঘিওর-দৌলতপুর-টাঙ্গাইল সড়কের ষষ্ঠ কিলোমিটারে ১০৩ দশমিক ৪৩ মিটার দীর্ঘ পিসি গার্ডার সেতু নির্মাণ। ডিজিটাল কানেকটিভি শক্তিশালীকরণে সুইচিং ও ট্রান্সমিটার নেটওয়ার্ক উন্নয়ন। সৈয়দপুর ১৫০ মেগাওয়াট সিম্পল সাইকেল বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ। রংপুর বিভাগ বিদ্যুৎ বিতরণ লাইন ও উপকেন্দ্র সম্প্রসারণ এবং পুনর্বাসন। রাজশাহী বিভাগ বিদ্যুৎ বিতরণ লাইন ও উপকেন্দ্র সম্প্রসারণ এবং পুনর্বাসন এবং পল্লী বিদ্যুতায়ন সম্প্রসারণের মাধ্যমে ১৫ লাখ গ্রাহককে সংযোগ (সাড়ে ১৯ লাখ গ্রাহক সংযোগের সংস্থানসহ ১ম সংশোধনী) প্রকল্প।