
নিউজ ডেস্কঃ বাংলাদেশে গণতন্ত্র ও উন্নয়ন একসঙ্গে এগিয়ে যাবে। সরকারের লক্ষ্য গ্রামপর্যায় থেকে দেশের উন্নয়ন নিশ্চিত করা। বাংলাদেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের দিকে অগ্রসরমান। খাদ্যশস্য উৎপাদনে বর্তমানে বিশ্বে বাংলাদেশের অবস্থান দশম। এখন প্রধান লক্ষ্য হচ্ছে নির্বাচনী ইশতেহারে উল্লিখিত বিশেষ অগ্রাধিকার খাত পুষ্টিসম্মত ও নিরাপদ খাদ্যের নিশ্চয়তা, দারিদ্র্য নির্মূল, আধুনিক কৃষিব্যবস্থা বাস্তবায়ন করা। গতকাল মঙ্গলবার সচিবালয়ে নিজে কার্যালয়ে জার্মান রাষ্ট্রদূত পিটার থমাস ফারেন হোল্টাজের সঙ্গে বৈঠকে কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক এসব কথা বলেন। এ সময় কৃষি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব নাসিরুজ্জামান উপস্থিত ছিলেন। বৈঠকে দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে কথা হয় এবং কৃষিখাত প্রাধান্য পায়।
জার্মান রাষ্ট্রদূত বলেন, গত ১০ বছরে বাংলাদেশের কৃষিখাত অনেক উন্নত হয়েছে। এ সফল ধারা অব্যাহত রাখতে জার্মান সরকার সবধরনের সহায়তা দেবে। বিশেষ করে কৃষিকে আধুনিকায়ন, এখাতে যন্ত্রের ব্যবহার বাড়ানো, কৃষিবিজ্ঞানীদের উন্নত প্রশিক্ষণ ব্যবস্থা গড়ে তোলা, কৃষি প্রক্রিয়াজাতকরণ খাতকে আরও উন্নত করতে সহায়তা করা হবে বলে জনান তিনি। কৃষিখাতে বেসরকারি বিনিয়োগ বাড়ানোর কথা উল্লেখ করে রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের বিশাল সম্ভাবনা রয়েছে এবং দুই দেশের মধ্যে সহযোগিতা বাড়ানোর মতো বহু খাত রয়েছে। সন্ত্রাসবাদ দমনে বাংলাদেশের সাফল্যের প্রশংসা করেন তিনি। বর্তমানে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি স্থিতিশীল আছে এবং ভবিষ্যতেও এধারা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন রাষ্ট্রদূত।
বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কৃষিমন্ত্রী বলেন, বিএনপিকে সংসদে আনতে নানামুখী চেষ্টা করা হচ্ছে। দল ছোট বা বড় বিষয় নয়। নানা প্রতিকূলতা থাকতেই পারে। দল যত ছোটই হোক সংসদে এসে তাদের গঠনমূলক আলোচনা করতে হবে। শুধু সংসদে কেন সংসদের বাইরেও তারা সমালোচনা করতে পারে। এছাড়া বর্তমানে রাজনৈতিক পরিবেশ যেকোনো সময়ের চেয়ে অনেক ভালো এবং বিনিয়োগের পরিবেশ বিরাজ করছে। জার্মানির বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান তিনি। কৃষিমন্ত্রী আরও বলেন, এ বছর আমাদের চাহিদার তুলনায় ৩০ লাখ মেট্রিক টন আলু উদ্বৃত্ত রয়েছে। খাদ্য প্রক্রিয়াজাত করে রফতানির দিকে যেতে হবে। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ এখন মধ্যম আয়ের দেশ, সামনে ডেলটা প্লান বাস্তবায়নের মাধ্যমে বিশ্বের বুকে মাথা উচু করে থাকবে উন্নত জাতি হিসেবে।