
নিউজ ডেস্কঃ কৃষিবিদ মীর নুরুল আলম গতকাল সোমবার কৃষি সম্প্রসারণ অধিদফতরের মহাপরিচালক হিসেবে যোগদান করেছেন। এর আগে তিনি এই অধিদফতরের উদ্ভিদ সংগনিরোধ উইং-এর পরিচালক হিসেবে কর্মরত ছিলেন। কৃষিবিদ মীর নুরুল আলম বিসিএস (কৃষি) ক্যাডারের ১৯৮৩ ব্যাচের কর্মকর্তা। তিনি ১ জানুয়ারি ১৯৮৫ সালে সরকারি চাকরিতে বিষয়বস্তু কর্মকর্তা হিসেবে কৃষি সম্প্রসারণ অধিদফতরে যোগদান করেন। পরবর্তীতে তিনি কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট, জাতীয় কৃষি প্রশিক্ষণ একাডেমি এবং কৃষি সম্প্রসারণ অধিদফতরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেন।
মীর নুরুল আলম জাতীয় কৃষি প্রশিক্ষণ একাডেমির মহাপরিচালক থাকাকালীন জাতীয় কৃষি গবেষণা সিস্টেমভুক্ত বিজ্ঞানীদের বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স কারিকুলাম প্রণয়ন করেন। পরিকল্পনা, প্রকল্প বাস্তবায়ন ও আইসিটি উইংয়ে’র পরিচালক পদে দায়িত্ব পালনকালে সংশ্লিষ্ট দফতরের কর্মকাণ্ড বেগবান করার ক্ষেত্রে অসামান্য দক্ষতার পরিচয় দিয়েছেন এবং কৃষি সম্প্রসারণ অধিদফতরের গুরুত্বপূর্ণ বিভিন্ন প্রকল্প পরিকল্পনায় অনবদ্য অবদান রেখেছেন। চাকরি জীবনে তিনি ডেনমার্ক, থাইল্যান্ড, সুইডেন, চীন ও মালয়েশিয়ায় বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ, সভা, সেমিনার এবং কর্মশালায় অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ প্রদান তার বিশেষ আগ্রহের বিষয়। এ ছাড়াও আইসিটি ও তথ্য-প্রযুক্তিতে তার অনুরাগ রয়েছে। চাকরি জীবনে তিনি সরকারি দায়িত্ব পালনের পাশাপাশি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত আছেন।