
নিউজ ডেস্কঃ মধ্যপ্রাচ্যের তেলসমৃদ্ধ ধনী দেশ কাতারে পাড়ি জমানো অসংখ্য বাংলাদেশী শ্রমিক বর্তমানে নানা ধরনের বিপদের মধ্যে রয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এর মধ্যে কয়েক হাজার কর্মী পাসপোর্ট-ভিসাসহ নানা জটিলতায় পুলিশের হাতে গ্রেফতার হয়ে ‘সফর’ নামক কারাগারে বন্দী রয়েছেন। যাদের আত্মীয়স্বজন ও টাকা রয়েছে, তারাই আইনি লড়াই শেষে জেলজরিমানার পর খালি হাতেই দেশে ফিরছেন। আর যারা এ সুযোগ পাচ্ছেন না, তাদের মাসের পর মাস ওই কারাগারেই কাটাতে হচ্ছে। তবে অন্যান্য দেশের কারাগারের চেয়ে সফর কারাগারের পরিবেশ ও থাকা-খাওয়ার মান উন্নত। এ দিকে ভারত, শ্রীলঙ্কা, নেপাল, ফিলিপাইনসহ অন্যান্য দেশের যেসব নাগরিক ধরা পড়ে কারাগারে রয়েছেন, তাদেরকে মুক্ত করতে দূতাবাসের কর্মকর্তারা খোঁজ নিলেও ব্যতিক্রম শুধু বাংলাদেশ দূতাবাস।
অভিযোগ রয়েছে, বাংলাদেশ দূতাবাসের কাউন্সেল (শ্রম) বিভাগের দায়িত্বশীল কর্মকর্তারা বাংলাদেশীদের মুক্ত করতে আইনি পদক্ষেপ নেয়া দূরের কথা, খোঁজও নিতে যাচ্ছেন না। আর গেলেও আটক বাংলাদেশীদের তাদের চোখে পড়ছে না। এমনটিই জানিয়েছেন সম্প্রতি ২৯ দিন জেল খেটে খালি হাতে দেশে ফেরা হাজী ক্যাম্প এলাকার বাসিন্দা ইকবাল হোসেন রনি। তার দাবি বর্তমানে ‘সফর’ কারাগারে অনেক (হাজার হাজার) বাংলাদেশী বন্দী আছেন। এমন অভিযোগ প্রসঙ্গে গত বৃহস্পতিবার এবং গতকাল শুক্রবার সন্ধ্যা পর্যন্ত কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো: অসুদ আহমদের সাথে যোগাযোগ করার পরও তিনি কোনো সাড়া দেননি। পরে তার মোবাইলে খুদে বার্তা পাঠিয়ে সফর জেলে কী পরিমাণ বাংলাদেশী আটক আছেন এবং দূতাবাস কর্মকর্তাদের খোঁজ না নেয়ার অভিযোগের বিষয়ে উত্তর জানানোর অনুরোধ করার পরও তিনি সাড়া দেননি।