
নিউজ ডেস্কঃ দেশে বিদ্যুৎচালিত ইজি বাইক ও অন্যান্য যানবাহন প্রচুর পরিমাণে চলাচল করলেও সেগুলো বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) থেকে রেজিস্ট্রেশন পায় না। এতে সরকার বিপুল পরিমাণ ট্যাক্স থেকে বঞ্চিত হয়। সারা পৃথিবীতে বৈদ্যুতিক যানবাহন চলাচল বাড়ছে। কার্বন ডাই-অক্সাইড নির্গমণ হয় না বিধায় তেলচালিত যানবাহনের তুলনায় এসব গাড়ি পরিবেশসম্মত। আর সে বিবেচনায় বিশ্বের বহু দেশেই বিদ্যুৎচালিত যানবাহনকে প্রণোদনা দেওয়া হয়। এবার এসব বিষয় বিবেচনায় নিয়ে বিদ্যুৎচালিত (ব্যাটারি) যানবাহনকে নিবন্ধনের উদ্যোগ নিয়েছে বিআরটিএ। শীঘ্রই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গেছে।
বিদ্যুৎ,জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ গত বছর এক অনুষ্ঠানে জানান বৈদ্যুতিক গাড়ি প্রচলন করা সম্ভব হলে তা দুই বিলিয়ন ডলার জ্বালানি তেল আমদানি সাশ্রয় করবে। অতীতে বিদ্যুতের সংকটের কারণে দেশে বৈদ্যুতিক গাড়ির প্রচলন একটি বড় বাধা ছিল। এখন বিদ্যুৎ সংকট না থাকায় সে সমস্যাও নেই। এজন্য একটি খসড়া নীতিমালা তৈরি করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। তাতে বলা হয়েছে, ইলেকট্রিক মোটরযান চালাতে হলে বিআরটিএ থেকে নিবন্ধন করতে হবে, থাকতে হবে ফিটনেস সনদ,ট্যাক্স টোকেন। গত বছরের ২৬ নভেম্বর ইলেকট্রিক মোটরযানের রেজিস্ট্রেশন ও চলাচল সংক্রান্ত নীতিমালা-২০১৮ এর খসড়া সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে পাঠায় বিআরটিএ। পরে গত ৬ জানুয়ারি সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে একটি পর্যালোচনা সভা হয়। ওই সভায় বিভাগের সচিব মতামত দেন যে নীতিমালার খসড়ায় যেসব বিষয় বলা হয়েছে,তার বেশিরভাগই বর্তমান মোটরযান আইন ও বিধিতে আছে। এ বিষয়ে বিআরটিএ পরিচালক (রোড সেফটি) শেখ মোহাম্মদ মাহবুব-ই-রব্বানী গণমাধ্যমকে বলেন,পৃথিবীর সব জায়গায় ইলেকট্রিক গাড়ির ব্যাপারে আগ্রহ বাড়ছে।সম্প্রতি বাংলাদেশেও কয়েকটি ইলেকট্রিক কার এসেছে। গাড়ি যেহেতু এখানেও আসা শুরু করেছে,স্বাভাবিকভাবেই একে একটা নীতিমালার আওতায় আনতে হবে।