
জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগ অধ্যাপক ড. গোলাম রহমান এবং দি ডেইলি স্টার পত্রিকার সম্পাদক মাহফুজ আনামকে আজীবন সম্মাননা প্রদান করেছে। বিভাগের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বুধবার আজীবন সম্মাননা প্রদান ও আলোচনা সভার আয়োজন করে বিভাগটি। সকালে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্বরে প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনের উদ্বোধন ঘোষণা করেন- সাবেক প্রধান তথ্য কমিশনার অধ্যাপক ড. গোলাম রহমান। উদ্বোধন শেষে একটি আনন্দ শোভাযাত্রা ক্যাম্পাস প্রদক্ষিণ করে। উদযাপনের অংশ হিসেবে সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগে আজীবন সম্মাননা প্রদান ও আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন- সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের সভাপতি উজ্জ্বল কুমার মণ্ডল। বাংলাদেশের সাংবাদিকতার একাডেমিক ও পেশাগত পরিসরে অসামান্য অবদান রাখায় বিভাগের পক্ষ থেকে সাবেক প্রধান তথ্য কমিশনার অধ্যাপক ড. গোলাম রহমান ও দি ডেইলি স্টার পত্রিকার সম্পাদক মাহফুজ আনামকে আজীবন সম্মাননা দেয়া হয়।
‘সাংবাদিকতা শিক্ষা ও পেশাগত চ্যালেঞ্জ’ শীর্ষক আলোচনায় অধ্যাপক ড. মো. গোলাম রহমান বলেন, সাংবাদিকতার প্রাতিষ্ঠানিক শিক্ষা সবসময় আদর্শ ও অবস্থা নিয়ে কথা বলে। তবে পেশাগত বাস্তবতা থাকে অন্যরকম। ফলে শিক্ষার্থীরা পেশাগত জীবনে প্রবেশ করে চ্যালেঞ্জের মুখে পড়ে এবং এই চ্যালেঞ্জ নিয়ে তাদের কাজ করতে হয়। ফলে একাডেমিক পরিসরেই তাত্ত্বিক আলোচনার পাশাপাশি শিক্ষার্থীদের পেশাগত বাস্তবতার সঙ্গে পরিচয় করিয়ে দিতে হবে। আলোচনা সভায় দি ডেইলি স্টার পত্রিকার সম্পাদক মাহফুজ আনাম বলেন, এসময় তিনি বলেন, “২৫ বছরের সম্পাদনার জীবনে আমি এখনো সরকারকে বোঝাতে পারিনি স্বাধীন সাংবাদিকতা সরকারের নিজস্ব স্বার্থের জন্যই কতটা প্রয়োজন। এখনো সরকার আমাদেরকে সন্দেহের চোখে দেখে। মনে করে স্বাধীন সাংবাদিকতা একটা বিরক্তিকর ব্যাপার। এক ধরনের উৎপাত। সরকারের ভুল ধরিয়ে দিয়ে সমালোচনা করলে তারা মনে করে আমরা তাদের ভাবমূর্তি নষ্ট করছি। অথচ তারা বুঝতে চায় না আমরা তাদের ভালোর জন্যই এই কাজ করি। এই আস্থাটাই আমরা সাংবাদিকরা এখনো পর্যন্ত অর্জন করতে ব্যর্থ হয়েছি।