
নিউজ ডেস্কঃ টানা তৃতীয় মেয়াদে ও চতুর্থবারের মতো প্রধানমন্ত্রীর দায়িত্ব নেয়ায় শেখ হাসিনাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা মেরকেল। তিনি শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের আরও আর্থ-সামাজিক অগ্রগতি ও সফলতা কামনা করেছেন। আজ মঙ্গলবার গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে তার কাছে মেরকেলের শুভেচ্ছা বার্তা পৌঁছে দেন বাংলাদেশে জার্মানির রাষ্ট্রদূত পিটার ফারেনহোলৎজ ।
সৌজন্য সাক্ষাতের পর প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের জানান, ‘নতুন করে দায়িত্ব নেয়ায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন জার্মানির চ্যান্সেলর। বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নের পথে সব ধরনের সফলতা কামনা করেছেন তিনি। পারস্পরিক অংশীদারিত্বের ক্ষেত্রে জার্মানি বাংলাদেশের পাশে থাকবে বলেও প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।’ বাংলাদেশকে ‘বিপুল সম্ভাবনার দেশ’ হিসেবে বর্ণনা করে জার্মানির রাষ্ট্রদূত প্রধানমন্ত্রীকে বলেন, আওয়ামী লীগ যে নির্বাচনী ইশতেহার দিয়ে ক্ষমতায় এসেছে তা বাস্তবায়নে জার্মানি সহায়তা করবে। রাষ্ট্রদূত সন্ত্রাসবাদের বিরুদ্ধে বাংলাদেশের অবস্থানেরও প্রশংসা করেছেন। জার্মান কোম্পানিগুলো বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী জানিয়ে রাষ্ট্রদূত বৈঠকে বলেন, অনেক খাতে দুই দেশের পারস্পরিক সহযোগিতা আরও এগিয়ে নেয়ার সুযোগ রয়েছে।