News71.com
 Bangladesh
 20 Jan 19, 02:56 PM
 216           
 0
 20 Jan 19, 02:56 PM

নতুন সরকারের মন্ত্রিসভার প্রথম বৈঠক কাল॥ আলোচনায় ৬ এজেন্ডা  

নতুন সরকারের মন্ত্রিসভার প্রথম বৈঠক কাল॥ আলোচনায় ৬ এজেন্ডা   

নিউজ ডেস্কঃ ২০১৮ সালের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর আওয়ামী লীগের নেতৃত্বে গঠিত হয়েছে নতুন সরকার। সংখ্যাগরিষ্ঠ দলের নেতা হিসেবে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার নেতৃত্বে গঠিত হয় ৪৭ সদস্যের মন্ত্রিসভা, যার প্রথম বৈঠক অনুষ্ঠিত হচ্ছে আগামীকাল সোমবার (২১ জানুয়ারি)। তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বেলা ১০টায় এ বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহম্মদ শফিউল আলম সাংবাদিকদের বৈঠকের বিষয়ে ব্রিফ করবেন। সচিবালয়ে মন্ত্রিসভা বিভাগের সভাকক্ষে এ ব্রিফ করা হবে।

প্রথা অনুযায়ী মন্ত্রিসভা বৈঠকে সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইতোমধ্যেই বৈঠকের আলোচ্যসূচি ও প্রয়োজনীয় কাগজপত্রসহ ব্রিফকেস সকল মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীর কাছে পাঠানো হয়েছে। জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন নতুন মন্ত্রিসভার এ বৈঠকে মন্ত্রিপরিষদের সব সদস্য উপস্থিত থাকবেন। মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, এ বৈঠকে ৬টি আলোচ্যসূচি রয়েছে। এর মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে, সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের ভাষণ। প্রথম মন্ত্রিসভা বৈঠকে রাষ্ট্রপতি সংসদে যে ভাষণ দেবেন তার খসড়া অনুমোদন করা হতে পারে। এ সংক্রান্ত ভাষণটির খসড়া মন্ত্রীদের কাছে পাঠানো হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন