News71.com
 Bangladesh
 17 Jan 19, 12:02 PM
 174           
 0
 17 Jan 19, 12:02 PM

২১ দফা বাস্তবায়ন হলে ৪০ বছরেও আওয়ামী লীগকে ক্ষমতা থেকে সরানো যাবে না॥খাদ্যমন্ত্রী  

২১ দফা বাস্তবায়ন হলে ৪০ বছরেও আওয়ামী লীগকে ক্ষমতা থেকে সরানো যাবে না॥খাদ্যমন্ত্রী   

নিউজ ডেস্কঃ খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, ‘বিগত ১০ বছরে উন্নয়নের মাপকাঠিতে বাংলাদেশ অনেক দূর এগিয়ে গেছে। আর আগামী ৫ বছর প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়নের যে ২১ দফা ইশতেহার ঘোষণা করেছেন তা বাস্তবায়ন হলে ৪০ বছর আওয়ামী লীগকে ক্ষমতা থেকে কোনও শক্তি সরাতে পারবে না। কারণ মানুষ উন্নয়ন চায়।’ আজ বৃহস্পতিবার (১৭ জানুয়ারি) সকাল ১১টায় জেলার মহাদেবপুর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত এক সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন ।

খাদ্যমন্ত্রী বলেন, ‘শেখ হাসিনা ছাড়া বাংলাদেশের উন্নয়ন হয়নি, আগামীতেও হবে না। দেশের উন্নয়ন চাইলে আওয়ামী লীগ ও শেখ হাসিনার কোনও বিকল্প নেই। সেই কারণে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ে যারা নেতৃত্ব দিচ্ছেন তাদের তৃণমূলের সব কর্মীদের ভালোবাসা দিয়ে সংগঠিত করে এই উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে সরকারকে সহযোগিতা করতে হবে।’ সাধন চন্দ্র মজুমদার আরও বলেন, ‘অনেক বড় বিজয়, অনেক বড় আবেগ। আর এই আবেগকে সামলাতে না পারলে অনেক বড় বিপর্যয়ও নেমে আসতে পারে। ১৯৭১ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে আপামর জনগণ অস্ত্র হাতে মুক্তিযুদ্ধে অংশ নিয়ে দেশকে স্বাধীন করেছিলেন। বর্তমানে তারই সুযোগ্য কন্যা দেশ পরিচালনা করছেন। তাকে সার্বিক সহযোগিতা দিয়ে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ বিনির্মাণ করতে হবে ।’

উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও নওগাঁ-৩ আসনের এমপি ছলিম উদ্দিন তরফদার সেলিমের সভাপতিত্বে আয়োজিত সভায় উপজেলা নির্বাহী অফিসার মোবারক হোসেন, জেলা খাদ্য নিয়ন্ত্রক কামাল হোসেন, জেলা পরিষদের সদস্য ময়নুল ইসলাম ময়েন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আহসান হাবিব ভোদনসহ অনেকেই উপস্থিত ছিলেন ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন