
নিউজ ডেস্কঃ আসছে মার্চের প্রথম সপ্তাহ থেকে পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচন শুরু হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ। তিনি বলেছেন, আগামী মার্চের প্রথম সপ্তাহ থেকে ধাপে ধাপে উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ করা হবে। এছাড়া জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের তফসিল ঘোষণা করা হবে আগামী সপ্তাহে।
রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আজ বৃহস্পতিবার দুপুরে ইসি সচিব সাংবাদিকদের এসব কথা বলেন। হেলালুদ্দীন আহমদ বলেন, মার্চের প্রথম সপ্তাহ থেকে ধাপে ধাপে সারাদেশে পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচন শুরু হবে। ২০১৪ সালেও ধাপে ধাপে উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই সময় সাত ধাপে এ নির্বাচন সম্পন্ন করে ইসি।