News71.com
 Bangladesh
 04 Jan 19, 05:22 AM
 127           
 0
 04 Jan 19, 05:22 AM

সিভিল এভিয়েশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে দূর্নীতির মামলা করবে দুদক॥  

সিভিল এভিয়েশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে দূর্নীতির মামলা করবে দুদক॥   

নিউজ ডেস্কঃ সিভিল এভিয়েশনের তত্ত্বাবধায়ক ও নির্বাহী প্রকৌশলীসহ ছয়জনের বিরুদ্ধে মামলা করা হচ্ছে। আজ বৃহস্পতিবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) নিয়মিত সভায় এ মামলা দায়েরের অনুমোদন দেয়া হয়। শিগগিরই এ বিষয়ে সংশ্লিষ্ট থানায় মামলা করা হবে। দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-২ এর উপ-পরিচালক মো. মাহবুবুল আলম অনুসন্ধানকারী কর্মকর্তা হিসেবে মামলাটি করবে বলে দুদক সূত্রে জানা গেছে ।

যাদের বিরুদ্ধে মামলা হচ্ছে তারা হলেন- মো. শাহাবুদ্দিন, (প্রোপাইটর, মেসার্স ঢাকা ইন্টারন্যাশনাল ট্রেডার্স, ঢাকা) ভবেশ চন্দ্র সরকার (সাবেক সহকারী প্রকৌশলী, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, কুর্মিটোলা), শহীদুল ইসলাম মন্ডল (সাবেক সিনিয়র উপ-সহকারী প্রকৌশলী (বিমানবন্দর ব্যবস্থাপকের দফতর, কক্সবাজার), বর্তমানে-সিনিয়র উপ-সহকারী প্রকৌশলী (খান জাহান আলী বিমানবন্দর নির্মাণ প্রকল্প-খুলনা), মো. হাসান জহির (সাবেক-ব্যবস্থাপক, কক্সবাজার বিমানবন্দর), বর্তমানে-রাডার এপ্রোচ কন্ট্রোলার (শাহ আমানত বিমানবন্দর, চট্টগ্রাম), মিহির চাঁদ দে (নির্বাহী প্রকৌশলী, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, কুর্মিটোলা, ঢাকা) এবং মো. শহীদুল আফরোজ (তত্ত্বাবধায়ক প্রকৌশলী, পিএন্ডডি/কিউএস সার্কেল, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, কুর্মিটোলা) ।

জানা গেছে, পরস্পর যোগসাজশে প্রতারণা ও জাল জালিয়াতি করে অর্পিত ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে নিজে লাভবান হয়ে এবং অপরকে লাভবান করার অসদ উদ্দেশ্য তারা ‘প্রোভাইডিং অ্যান্ড ইনস্টলেশন, টেস্টিং অ্যান্ড কমিশনিং অব ২-৩০০ কেভিএ স্ট্যান্ডবাই ইঞ্জিন জেনারেটিং সেট আইসি রিলেটেভ ওয়ার্কস এট কক্সবাজার এয়ারপোর্ট’ শীর্ষক প্রকল্পের প্রাক্কলন অনুযায়ী নির্ধারিত জেনারেটর সরবরাহ করেননি। এর বিপরীতে ৬০ লাখ ৫০ হাজার টাকার বিল উত্তোলন করে আত্মসাত করেন। এই অপরাধে দণ্ডবিধি ৪০৯/৪৬৭/৪৬৮/৪৭১/১০৯ এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় একটি মামলা রুজুর অনুমোদন দিয়েছে দুদক ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন