
নিউজ ডেস্কঃ বাংলাদেশে একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে নানা ধরনের অভিযোগ থাকলেও জনগণের স্বার্থেই এদেশের পাশে থাকবে ইউরোপীয় ইউনিয়ন। গতকাল মঙ্গলবার ইউরোপীয় ইউনিয়নের ব্রাসেলস অফিস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১৮ সালের ৩০ ডিসেম্বরে বাংলাদেশে জাতীয় সংসদীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এ নির্বাচনে বাংলাদেশের নির্বাচন কমিশন প্রাথমিকভাবে ফল প্রকাশের জন্য যোগাযোগ অব্যাহত রেখেছে। নির্বাচনে ভোটারদের সমাবেশ এবং ১০ বছরে প্রথমবারের মতো বিরোধী দলের নির্বাচনে অংশগ্রহণ গণতন্ত্রের জন্য বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষাকে প্রতিফলিত করে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, তবে যাই হোক না কেন, নির্বাচনের দিন সহিংসতার জন্য ক্ষয়ক্ষতি হয়েছে। লেভেল প্লেয়িং ফিল্ড, নির্বাচনী প্রচারণা ও ভোটদান প্রক্রিয়ায় বাধাদানও হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এখন এসব অনিয়মের অভিযোগগুলোর যথাযথ তদন্ত ও যাচাইয়ের মাধ্যমে পূর্ণ স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। ইউরোপীয় ইউনিয়নের আশা হচ্ছে গণতন্ত্র, মানবাধিকার ও মৌলিক স্বাধীনতার প্রতি শ্রদ্ধাশীল বাংলাদেশ এগিয়ে যাবে। জনগণের স্বার্থে আমরা (ইউরোপীয় ইউনিয়ন) এই পরিপ্রেক্ষিতে বাংলাদেশকে সমর্থন দিয়ে যাবো।