
নিউজ ডেস্কঃ শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের প্রতি জনগণের আস্থা প্রতিফলিত হয়েছে। আজ মঙ্গলবার শিল্প মন্ত্রণালয়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে নববর্ষের শুভেচ্ছা বিনিময়কালে এ কথা বলেন শিল্পমন্ত্রী। এ সময় ভারপ্রাপ্ত শিল্পসচিব মো. আবদুল হালিমসহ শিল্প মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তর ও সংস্থার প্রধানরা উপস্থিত ছিলেন। শিল্পমন্ত্রী আমু বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিগত দশ বছরে দেশে সামাজিক নিরাপত্তা, যোগাযোগ অবকাঠামো, শিল্পায়ন, গ্রামীণ জনপদের উন্নয়ন, স্বাস্থ্য, শিক্ষা, চিকিৎসাসহ সকলখাতে যে অভূতপূর্ব অগ্রগতি সাধিত হয়েছে, জনগণ ব্যালট যুদ্ধের মাধ্যমে এর প্রতি মূল্যবান রায় প্রদান করেছেন। উন্নয়নের চলমান ধারা অব্যাহত রেখে দেশের গ্রামাঞ্চলে ও শহরের সুবিধা পৌঁছে দেয়া হবে বলে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু উল্লেখ করেন।