
নিউজ ডেস্কঃ ইংরেজি বর্ষপঞ্জিকা অনুসারে মহাকালের আবর্তে বিলীন হয়েছে আরো একটি বছর-২০১৮। দেখতে দেখতে চলে গেলো ২০১৮, এসে গেল নতুন একটি বছর। নতুন বছর উজ্জ্বল হয়ে উঠুক, নতুন আলোয়, নতুন আশায় স্বাগত ২০১৯ সাল।“হ্যাপি নিউ ইয়ার ২০১৯”।পুরনো বছরের সকল জরা-জীর্ণতাকে পেছনে ফেলে পশ্চিম আকাশে মিলে গেল বছরের শেষ সূর্য। এরই সঙ্গে শুরু হলো নতুনের আবাহন। কুয়াশাচ্ছন্ন শীতের সন্ধ্যা থেকেই শুরু হয়েছে বিশ্বজুড়ে নতুন বছরকে বরণের আয়োজন। নগরীর পাড়া-মহল্লায় এখন হৈ-হুল্লোড়, উৎসবের আলোক রঙ। সারা বিশ্বে চলছে বর্ষবরণ উৎসব। বছরের শেষ দিনগুলো নির্বাচনী উত্তাপে পার করেছে বাংলাদেশ। থার্টি ফার্স্ট নাইটের আগ মুহূর্তে ৩০ ডিসেম্বর হয়ে গেল একাদশ জাতীয় সংসদ নির্বাচন। এই ভোটে জয়ী হয়ে টানা তৃতীয়বারের মতো সরকার গঠন করতে যাচ্ছে আওয়ামী লীগ। আর এর মধ্য দিয়েই নতুন ভিশনে চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা। যা দেশের রাজনৈতিক ইতিহাসে একটি নতুন অধ্যায়ও বটে। এদিকে এবারের থার্টি ফার্স্ট নাইট উদযাপনে নিষেধাজ্ঞা সত্ত্বেও বাড়তি আনন্দে ভাসবে গোটা দেশ। ইংরেজি নতুন বছর হওয়ায় তুলনামূলক নগরেই আনন্দের রেশটা বেশি।
ঘড়ির কাঁটায় রাত ১১টা ৫৯ মিনিটের আগেই নতুন বছরকে স্বাগত জানাতে মেতেছে গোটা বিশ্ব। বাংলাদেশের তরুণ-যুবকেরা মেতেছে উৎসবে। থার্টি ফার্স্ট উদযাপনে কড়াকড়ি থাকলেও বাধা মানতে নারাজ নগরবাসী। গতকাল সন্ধ্যার পর থেকে থেমে থেমে পটকা-আতশবাজি কুয়াশাচ্ছন্ন ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গার আকাশকে করে তুলেছে মোহনীয়। আর তার আগেই ভার্চুয়াল জগৎ ছাড়াও কার্ড, মোবাইলে এসএমএসে শুভেচ্ছা বিনিময়ে প্রিয়জনদের কাছে নতুন বছরের বার্তা পাঠাচ্ছেন সবাই। নানা ঘটনায় ২০১৮ সাল পার হলেও সামনের বছর সামাজিক-রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে অনেক গুরুত্বপূর্ণ। বছরের শুরুর দিনটি শিক্ষার্থীদের কাছে মহা আনন্দের। এ দিনটিতে নতুন বই হাতে পাবে শিক্ষার্থীরা। নতুন বইয়ের গন্ধটাই যেন নতুনের আনন্দ বার্তা দেবে তাদের।
সাফল্য হিসেবে ২০১৮-তে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ উৎক্ষেপণের মাধ্যমে পৃথিবীর ৫৭তম দেশের স্থান করে নেয় বাংলাদেশ। এ বছরে জিডিপি প্রবৃদ্ধি হয়েছে ৭ দশমিক ৮৬ শতাংশ, যা বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ। রাজনৈতিক অঙ্গনে পুরনো বছর ছিল নানা কারণে আলোচিত। দুর্নীতির মামলায় বিরোধী জোটের নেতা খালেদা জিয়াকে কারাগারে পাঠানো ছিল বড় ঘটনা। নির্বাচনে সব দলের অংশ নেওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংলাপ আয়োজন ছিল বছরের আলোচিত ঘটনা। ইংরেজি নতুন বছর উপলক্ষে পৃথক বাণীতে দেশবাসীসহ প্রবাসী বাঙালিসহ বিশ্ববাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশে খৃষ্টবর্ষবরণের উচ্ছ্বাস উচ্চবিত্তের আঙ্গিনা ছাপিয়ে এখন মধ্যবিত্ত, নিম্ন-মধ্যবিত্তের দুয়ারেও আছড়ে পড়ছে। সোমবার রাত শুরু হওয়া “হ্যাপি নিউ ইয়ার” এ শুভেচ্ছা বিনিময় চলবে আজ মঙ্গলবার দিনভর। সর্বোপরি পারিবারিক, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক সমৃদ্ধি আসুক উন্নয়নের স্রোতধারায়। ভালো থাকুক প্রিয় দেশ বাংলাদেশ, দেশের মাটি ও আপামর জনগণ। হাসি-আনন্দে কাটুক সবার জীবন। বাংলাদেশ উত্তরোত্তর সফলতার দিকে এগিয়ে যাক। বিদায় ২০১৮-শুভ আগমন ২০১৯ সাল।