News71.com
 Bangladesh
 31 Dec 18, 04:06 PM
 352           
 0
 31 Dec 18, 04:06 PM

খুলনেশ্বরী মন্দির থেকে খুলনা নামের উৎপত্তি  

খুলনেশ্বরী মন্দির থেকে খুলনা নামের উৎপত্তি   

নিউজ ডেস্কঃ ভৈরব-রূপসা নদীবিধৌত বিভাগীয় শহর খুলনা ইতিহাস ও ঐতিহ্যমণ্ডিত। পীর খানজাহান আলী ৪০০ বছর পূর্বে ইসলাম প্রচারের জন্য এই জেলায় আসেন। খুলনা নামকরণ প্রসঙ্গে নানান মত রয়েছে। ধনপতি সওদাগরের দ্বিতীয় স্ত্রী খুলনার নামে নির্মিত খুলনেশ্বরী মন্দির থেকে খুলনা নামের উৎপত্তি হয়েছে বলে মনে করে অনেকে। ১৭৬৬ সালে ফলমাউথ জাহাজের নাবিকদের উদ্ধারকৃত রেকর্ডে লিখিত Culnea শব্দ থেকে খুলনার নামকরণ হয়ে থাকতে পারে। ব্রিটিশ আমলের মানচিত্রে লিখিত Jessore-Culna থেকে খুলনা শব্দ এসেছে বলেও ভাবা হয়। অনেক বিজ্ঞজনের মতে, কিসমত খুলনা মৌজা থেকে খুলনা নামের উৎপত্তি হয়েছে। খুলনা জেলায় অনেক পুরাকীর্তি ছিল। মুসলিম পুরাকীর্তির মধ্যে আছে কয়রা উপজেলার মসজিদ কুঁড়ের মসজিদ, বুড়ো খাঁ, ফতে খাঁর মাজার, মদীনাবাদের প্রাচীন কবর, ডুমুরিয়া উপজেলার আরশ নগরের মসজিদ, মাগুরা ঘোনার ছালামত খাঁ মাজার, চিংড়ার মসজিদ, বেতকাশী মসজিদ, টাউন জামে মসজিদ, টুটপাড়া জামে মসজিদ, ফুলতলা উপজেলার মিছরী দেওয়ান শাহের মাজার, মুক্তেশ্বরী গ্রামের দীঘি, পাইকগাছা উপজেলার সরল খাঁর দীঘি। তাছাড়া খুলনা মহানগরীর পাশে রয়েছে বুড়ো মৌলভীর দরগা। আরও আছে সুফি খাঁর গড়, খাজা ডাঙ্গার প্রাচীন কবর, মহারাজপুরের কীর্তি, শাকবাড়ের লবণের কারখানা, আলাইপুরের মসজিদ, গোরা ডাকাতের বাড়ি প্রভৃতি।


হিন্দু কীর্তির মধ্যে রয়েছে নগরীর মহেশ্বরপাশার জোড়া মন্দির, যাতার দোল, পাইকগাছা উপজেলার কপিলেশ্বরী মন্দির, রূপসা উপজেলার পিঠাভোগ গ্রামে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের পূর্বপুরুষের বসতভিটা ও ফুলতলা উপজেলার দক্ষিণডিহি গ্রামে বিশ্বকবির শ্বশুরবাড়ি প্রভৃতি। খুলনায় বিভিন্ন বিনোদন স্পট ও প্রসিদ্ধ স্থান রয়েছে। বিনোদন স্পটগুলো হলো সুন্দরবনের করমজল, হিরণ পয়েন্ট, কটকা ও দুবলার চর, খালিশপুর ওয়াইজমেন্ট ওয়ান্ডার ল্যান্ড শিশুপার্ক, মুজগুন্নী শিশু পার্ক, জাহানবাদ ক্যান্টনমেন্ট শিশু পার্ক ও চিড়িয়াখানা, খানজাহান আলী সেতু, প্রেম কানন, হাদিস পার্ক ও জাতিসংঘ শিশু পার্ক। এছাড়া আছে ঐতিহ্যবাহী কাস্টমঘাট, খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের অদম্য বাংলা ভাস্কর্য, কুয়েট ক্যাম্পাসে দুর্বার বাংলা, দৌলতপুর কৃষি কলেজ সংলগ্ন ছবেদা বাগান, রয়্যাল মোড়, শিববাড়ি মোড়, শিরোমণি স্মৃতিসৌধ, গল্লামারী বধ্যভূমি, চুকনগর বধ্যভূমি প্রভৃতি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন