
নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী বলেছেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর হয়েছে। নির্বাচনে কোনো ধরনের সহিংসতা বা প্রাণহানি কাম্য নয়। তার পরও নির্বাচনে যে সহিংসতা হয়েছে, তা দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের তুলনায় অনেক কম। গতকাল রবিবার হোটেল সোনারগাঁওয়ে বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিকদের জন্য আয়োজিত নির্বাচনোত্তর সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। গওহর রিজভী বলেন, বাংলাদেশে ভোট একটি উৎসব। এবারও সেই উৎসবের প্রতিফলনই দেখা গেছে। ভোটাররা দলবেঁধে ভোটকেন্দ্রে গেছেন, ভোট দিয়েছেন। নির্বাচন ঘিরে বিভিন্ন পক্ষ থেকে যে উৎকণ্ঠা, উদ্বেগ প্রকাশ করা হয়েছিল, তা ভুল প্রমাণ হয়েছে। এই নির্বাচন বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় একটি মাইলফলক হয়ে থাকবে।
বিদেশি সাংবাদিকদের প্রশ্নের জবাবে ড. গওহর রিজভী বলেন, নির্বাচনে সহিংসতা হয়েছে এটা অস্বীকার করার কিছু নেই। সহিংসতা বা প্রাণহানি কোনোভাবেই কাম্য নয়। কিন্তু দক্ষিণ এশিয়ার দেশগুলোতে নির্বাচন ঘিরে সহিংসতার নজির কম-বেশি সব সময়ই দেখা যায়। ৩০ ডিসেম্বরের নির্বাচনে যে সহিংসতা হয়েছে, তা অতীতের চেয়ে কম এবং দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের অভিজ্ঞতায় নগণ্যই বলা যায়।অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, অনেক কেন্দ্রেই ঐক্যফ্রন্টের প্রার্থীদের পোলিং এজেন্ট দেখা যায়নি। কারণ তারা নিজেরাই এজেন্ট দেয়নি। কোনো প্রার্থীর এজেন্টদের দায়িত্ব পালনে কোনো বাধাও দেওয়া হয়নি বলে জানান তিনি। গওহর রিজভী আরও বলেন, ৪০ হাজার পোলিং বুথে এজেন্ট দেওয়ার বিষয়টি রাজনৈতিক দলগুলোর সক্ষমতার ওপর নির্ভর করে। অনেক সময়ই অনেক প্রার্থী এজেন্ট দিতে পারেন না কিন্তু ভোটের ফলে ভালো করেছেন, এমন নজিরও অতীতে আছে।
বিরোধী পক্ষের নেতাকর্মীদের মধ্যে আগে থেকেই ভীতি সৃষ্টি করা হয়েছে কিংবা বল প্রয়োগ করা হয়েছে- বিরোধীদের এমন অভিযোগের বিষয়ে একজন বিদেশি সাংবাদিকরা জানতে চাইলে ড. রিজভী বলেন, এ ধরনের ঘটনা ঘটলে তারা আরও আগেই নির্বাচন থেকে সরে যাওয়ার কথা বলতেন। কিন্তু নির্বাচনের দিন ভোট গ্রহণ পর্যন্ত তারা বিচ্ছিন্নভাবে কিছু অভিযোগ করলেও নির্বাচন বর্জন করেননি। কারণ তারাও দেখেছেন নির্বাচন সুষ্ঠু হয়েছে এবং এ কারণে ভালো ফলের প্রত্যশাও তাদের ছিল। ভোটের ফল যাই হোক, সব পক্ষই তা মেনে নেবে এবং জনতাররায়ের প্রতি শ্রদ্ধা পোষণ করবে বলেও আশা প্রকাশ করেন তিনি।