
নিউজ ডেস্কঃ রাজধানী ঢাকার কাঁচাবাজারগুলোতে হঠাৎ দাম বেড়েছে শীতকালীন সবজির। পণ্যভেদে ১০ থেকে ২০ টাকা বেশি দরে এসব সবজি বিক্রি হচ্ছে। এ নিয়ে ক্রেতা-বিক্রেতার মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। বিক্রেতারা বলছেন নির্বাচনের কারণে পাইকারি বাজারে সবজির সরবরাহ কম। এদিকে ক্রেতাদের অভিযোগ বাজারে সবজির পর্যাপ্ত সরবরাহ থাকলেও নির্বাচনকে ইস্যু করে তারা দাম বাড়িয়ে দিয়েছে। আজ শনিবার রাজধানীর বিভিন্ন কাঁচাবাজার ঘুরে এসব চিত্র দেখা গেছে। বাজারে প্রতিকেজি টমেটো বিক্রি হচ্ছে ৪০ থেকে ৬০ টাকা, শিম ৪০ থেকে ৫০ টাকা, শসা ৪০ থেকে ৫০ টাকা, নতুন আলু ৪০ টাকায়। অথচ দুইদিন আগে প্রতিকেজি টমেটো বিক্রি হয়েছে ৩০ থেকে ৪০ টাকা, শিম ৩০ থেকে ৪০ টাকা, শসা ২৫ থেকে ৪০ টাকা, নতুন আলু ২৫ টাকা।
এছাড়া বাজারে কাঁচামরিচ প্রতি কেজিতে ১০ থেকে ২০ টাকা বেড়ে ৬০ থেকে ৮০ টাকায় বিক্রি করতে দেখা গেছে। তবে বাড়তি দামে বিক্রি হচ্ছে গাজর, মুলা, করলা, ফুলকপি, শাকসহ অন্যান্য সবজি। এ বাজারে প্রতিকেজি গাজর ৪০ টাকা থেকে ৫০ টাকা, ঢেঁড়স ৫০ টাকা, মুলা ৪০ টাকা, বেগুন ৫০ থেকে ৬০ টাকা, কচুর লতি ৪০ থেকে ৫০ টাকা, করলা ৪০ থেকে ৬০ টাকা, শালগম ৪০ টাকা, কাঁকরোল ৪৫ থেকে ৬০ টাকায় বিক্রি করতে দেখা গেছে। প্রতি পিস বাঁধাকপি ও ফুলকপি ৩০ থেকে ৪০ টাকায়, লাউ প্রতিপিস ৪০ থেকে ৬০ টাকা, জালি কুমড়া ৪০ থেকে ৫০ টাকা বিক্রি হচ্ছে। প্রতি আঁটি কলমি ও লাল শাক ১০ থেকে ১৫ টাকা, লাউ শাক ৪০ টাকা, পালং শাক ১৫ টাকা এবং পুঁই শাক ২৫ টাকায় বিক্রি করতে দেখা গেছে। তবে অপরিবর্তিত রয়েছে চাল, ডাল, তেল, মাছ, মাংসের দাম।