
নিউজ ডেস্কঃ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, গত ১০ বছরে যে উন্নয়ন হয়েছে, দেশ অন্ধকার থেকে আলোর পথে এগিয়েছে। মহাকাশ বিজয় হয়েছে, সমুদ্র সীমানা অর্জন হয়েছে। এসব সম্ভব হয়েছে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে। তাই বলা যায়, আসন্ন নির্বাচনে নৌকায় চড়ে ফের সংসদ নেতা হবেন বঙ্গবন্ধু কন্যাই। আজ মঙ্গলবার সিরাজগঞ্জের কাজিপুরের সোনামুখী ইউনিয়নের পারুলকান্দি ও চরকাদহে আয়োজিত পৃথক দুই নির্বাচনি সমাবেশে তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, দেশের মানুষ শান্তি চায়, উন্নয়ন চায়। কেউ আর অন্ধকারে ফিরে যেতে চায় না। কেউই জঙ্গিবাদের শাসন চায় না, হাওয়া ভবন চায় না। বিএনপি-জামায়াত ও ঐক্যফ্রন্ট নেতাদের উদ্দেশে মোহাম্মদ নাসিম বলেন, নাকে খত দিয়ে ভোটের মাঠে খেলতে এসেছেন। এটা ভালো কথা, কিন্তু ঠিকঠাকভাবে খেলবেন। যদি ফাউল করেন, তাহলে জনগণ আপনাদের লাল কার্ড দেখাবে। তিনি বলেন, ‘প্রাক নির্বাচনি খেলায় হেরে গেছেন। আগামী ৩০ ডিসেম্বর ফাইনাল খেলায়ও জনগণ আপনাদের হারিয়ে দেবে। জনগণ ভোট দিয়ে আবারও নৌকার প্রার্থীদের বিজয়ী করবে।