
নিউজ ডেস্কঃ আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন মোবাইল ফোনে ইন্টারনেটের গতি হ্রাসের সিদ্ধান্তে নির্বাচন কমিশন এখনো অনড়। এ ক্ষেত্রে ফোরজি ও থ্রিজি সেবা বন্ধ রেখে শুধু টুজি সেবা চালু রাখা হবে। একই সঙ্গে ভোটের আগের এবং পরের দিনও অনলাইনভিত্তিক সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর নিয়ন্ত্রণ আরোপ হতে পারে। এ বিষয়ে নির্বাচন কমিশনের সঙ্গে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি এবং মোবাইল অপারেটরদের প্রতিনিধিদের গতকাল সোমবার বৈঠক হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়,আইনগত সমস্যা এড়াতে নির্বাচন কমিশন বিটিআরসির সহযোগিতায় লিখিত নির্দেশ ছাড়াই এ ধরনের ব্যবস্থা নেওয়ার চিন্তাভাবনা করছে। কিন্তু মোবাইল অপারেটরদের পক্ষ থেকে বলা হয়েছে,লিখিত নির্দেশ ছাড়া এ ধরনের ব্যবস্থা নেওয়া তাদের জন্য সমস্যার কারণ হবে। এদিক গতকালের বৈঠকের আগেই বিটিআরসির সম্ভাব্যতা যাচাইয়ের কাজ শুরু করে। জানা যায়, বিটিআরসি নির্বাচন কমিশনকে চারটি বিকল্পের কথা জানিয়েছে। এর মধ্যে রয়েছে ফেসবুকসহ যেসব অ্যাপ্লিকেশন সামাজিক যোগাযোগ মাধ্যমে যোগাযোগের জন্য ব্যবহৃত হয় সেগুলো বন্ধ রাখা,মোবাইল ইন্টারনেটকে টুজিতে নামিয়ে এনে থ্রিজি ও ফোরজি ভোটের দিনে বন্ধ রাখা,কিংবা এলাকা ধরে মোবাইল ইন্টারনেট বন্ধ করে দেওয়া। বিটিআরসির কর্মকর্তাদের মতে,মোবাইলে ইন্টারনেট পুরোপুরি বন্ধ করতে মাত্র কয়েক মিনিট সময় লাগবে। কিন্তু এটা করা হলে ব্যবসা বাণিজ্যসহ নাগরিক সেবার ওপর নেতিবাচক পরিস্থিতি তৈরি করবে। কারণ এটিএম থেকে শুরু করে আমদানি রপ্তানি অনেক কিছুই এখন ইন্টারনেটে চলে। গোটা বিশ্বের কাছেও তখন বাংলাদেশ সম্পর্কে নেতিবাচক ধারণা তৈরি হবে।