
নিউজ ডেস্কঃ নীলফামারী সদরের পলাশবাড়ী এলাকায় একটি যাত্রীবাহী বাসের চাপায় মোটরসাইকেলের আরোহী স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার নীলফামারী-ডোমার সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোমিনুল ইসলাম। নিহতরা হলেন জেলার ডোমার উপজেলার হরিণচড়া ইউনিয়নের মধ্যপাড়া গ্রামের ব্যবসায়ী আইনুল ইসলাম ও তার স্ত্রী মজিদা বেগম।
পুলিশ সূত্রে জানা গেছে, সকালে পলাশবাড়ী ডায়াবেটিস হাসপাতালে এসে চিকিৎসা শেষে স্ত্রীকে নিয়ে মোটরসাইকেলে করে নিজ বাড়ি ফিরছিলেন আইনুল। পথিমধ্যে জেলা সদরের ডোমার সড়কে পলাশবাড়ী কলেজের সামনে পৌঁছালে মেহেদী পরিবহনের যাত্রীবাহী একটি বাস তাদের চাপা দিলে ঘটনাস্থলেই স্বামীর মৃত্যু হয়। গুরুতর আহতাবস্থায় জেলা সদর আধুনিক হাসপাতালে নেওয়ার পথে মারা যান মজিদা। ওসি মোমিনুল ইসলাম বলেন, ঘাতক বাসটিকে আটক করা হলেও চালক ও তার সহকারী (হেলপার) পালিয়ে গেছে।