
নিউজ ডেস্কঃ নির্বাচন আর সন্ত্রাস একসঙ্গে চলতে পারে না, ভোটাররা যাতে নিরাপদে ভোট দিয়ে বাড়ি ফিরতে পারে তা নিশ্চিত করতে প্রশাসনের কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। আজ রবিবার সিলেটে বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ নির্দেশ দেন। মাহবুব তালুকদার বলেন, কর্মকর্তাদের নিরপেক্ষতা বজায় রাখতে হবে। নির্বাচনের নিরপেক্ষতা নিয়ে কেউ যাতে আঙুল তুলতে না পারে সে বিষয়ে সবাইকে নজর রাখতে হবে। সকল প্রার্থী আমাদের কাছে সমান। আপনারা সবাই নিরপেক্ষ ভাবে দায়িত্ব পালন করবেন। ভোটার যেন ভোট দিয়ে নিরাপদে বাড়ি ফিরতে পারেন, তা নিশ্চিত করতে হবে। পেশিশক্তি এবং কালোটাকার জোরে কেউ যেন নির্বাচনে জয়ী হতে না পারে এ বিষয়ে সতর্ক থাকার আহবান জানান তিনি।
ইসি মাহবুব তালুকদার বলেন, আগামীকাল সোমবার থেকে সেনাবাহিনী মোতায়েন করা হবে। এ সেনাবাহিনী মোতায়েন জনগণের প্রত্যাশার প্রতিফলন। সেনাবাহিনী আমাদের আস্থা ও বিশ্বাসের পরম শক্তি। নির্বাচন নিয়ে মানুষের যে আস্থার সংকট ছিল, এবার সেনাবাহিনী মোতায়েন সে সংকট পুরণ করেছে। আগামী ৩০ ডিসেম্বর দেশে একটি অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। এসময় সিলেটের বিভাগীয় কমিশনার মেজবাহ উদ্দিন চৌধুরী, সিলেট রেঞ্জের ডিআইজি কামরুল আহসান ও সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার ও সুনামগঞ্জ জেলার রিটার্নিং কর্মকর্তাসহ, প্রশাসনের বিভিন্ন স্থরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।