
নিউজ ডেস্কঃ ঝালকাঠি-২ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, আওয়ামী লীগ আবার সরকার গঠন করতে পারলে ইশতেহার অনুযায়ী ঝালকাঠি থেকেই গ্রামকে শহর করার কাজ বাস্তবায়ন শুরু হবে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতায় গেলে দেশের প্রতিটি গ্রামকে আধুনিক নগর সুবিধা দিয়ে আমার গ্রাম-আমার শহর হিসেবে গড়ে তুলবে আওয়ামী লীগ। একই সঙ্গে তারুণ্যকে উৎপাদনমুখী শক্তিতে রূপান্তর করে সমৃদ্ধ সোনার বাংলাদেশ প্রতিষ্ঠা করা হবে। আজ রবিবার দুপুরে ঝালকাঠি ও নলছিটির বিভিন্ন নির্বচনী পথসভায় বক্তব্যে তিনি এ কথা বলেন।
শিল্পমন্ত্রী বলেন, আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে ২১টি বিশেষ অঙ্গীকার করা হয়েছে। এসব অঙ্গীকারের মধ্যে দুটি বিষয়ের ওপর বিশেষ জোর দেয়া হয়েছে। এর মধ্যে একটি হলো আমার গ্রাম-আমার শহর, যেখানে প্রতিটি গ্রামে আধুনিক নগর সুবিধা পৌঁছে দেয়ার রূপরেখা তুলে ধরা হয়েছে। দ্বিতীয়টি হচ্ছে, তারুণ্যের শক্তি-বাংলাদেশের সমৃদ্ধি। তিনি আরও বলেন, প্রতিটি গ্রামকে আধুনিক নগর সুবিধা সম্প্রসারণ করা হবে। আমরা নির্বাচিত হয়ে সরকার গঠন করলে প্রতিটি গ্রামকে শহরে উন্নীত করার কর্মসূচি প্রণয়ন ও বাস্তবায়ন করব।