News71.com
 Bangladesh
 22 Dec 18, 12:58 PM
 138           
 0
 22 Dec 18, 12:58 PM

নির্বাচনে সংখ্যালঘুদের নিরাপত্তার প্রতি আলাদা নজর দিতে হবে॥সিইসি  

নির্বাচনে সংখ্যালঘুদের নিরাপত্তার প্রতি আলাদা নজর দিতে হবে॥সিইসি   

নিউজ ডেস্কঃ আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যালঘুদের প্রতি বিশেষ নজর দিতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা। আইন-শৃঙ্খলা বাহিনীকে সতর্ক অবস্থানে থাকার নির্দেশ দিয়ে তিনি বলেছেন, ভোটে সহিংসতা ও সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নির্যাতন করে নির্বাচন প্রশ্নবিদ্ধ করার কোনো সুযোগ নেই। বিভিন্ন অভিযোগ খতিয়ে দেখতে ২৫ ডিসেম্বর থেকে নির্বাচনী তদন্ত কমিটি (ইলেক্টোরাল ইনকোয়ারি কমিটি) থাকবে। আজ শনিবার বিকেলে শহরের অ্যাডভোকেট তারেক স্মৃতি অডিটরিয়ামে ময়মনসিংহ বিভাগের মাঠ পর্যায়ে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় সিইসি নূরুল হুদা এসব কথা বলেন।

কর্মকর্তাদের উদ্দেশে সিইসি বলেন, সম্পূর্ণ নিরপেক্ষ দৃষ্টিভঙ্গিতে ও পেশাদারিত্বের ভিত্তিতে প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে নিরপেক্ষতা বজায় রেখে যতটুকু করা দরকার ততটুকু করতে হবে। ভোটারদের আস্থার জায়গায় আপনাদের থাকতে হবে তারা যেন নিরাপদে ভোট দিয়ে বাড়ি ফিরতে পারে। বিশেষ করে সংখ্যালঘুদের আলাদাভাবে নজর দিতে হবে তাদের মধ্যে যেন কোনো শঙ্কা না থাকে। সারাদেশে এখন নির্বাচনী আবহ বিরাজ করছে উল্লেখ করে তিনি বলেন, ঢাকা থেকে ময়মনসিংহ আসার পথে রাস্তার দুইপাশে মানুষের যে স্বতঃস্ফূর্ত অবস্থান দেখেছি, তাতে আমরা সন্তুষ্ট হয়েছি। সাধারণ মানুষ অত্যন্ত ভালো ও সুন্দর পরিবেশের মাঝে অবস্থান করছেন। এবারের নির্বাচনকে ঘিরে এবারই প্রথম পোলিং এজেন্টদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে বলেও জানান সিইসি কেএম নূরুল হুদা। প্রশাসন নিরপেক্ষভাবে দায়িত্বপালন করলে দেশে সুষ্ঠ নির্বাচন অনুষ্ঠিত হবে- এমন আশার কথা জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার বলেন, নির্বাচনকে ঘিরে দেশে উৎসবের আমেজের সৃষ্টি হয়েছে। আগামী ২৪ ডিসেম্বর থেকে সেনাবাহিনী তাদের দায়িত্ব পালন করবেন। প্রশাসনকে সঠিকভাবে দায়িত্ব পালন করারও তাগিদ দেন তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন