News71.com
 Bangladesh
 18 Dec 18, 11:40 AM
 182           
 0
 18 Dec 18, 11:40 AM

রাশিয়া থেকে দু’টি এমআই সিরিজের হেলিকপ্টার কিনছে বিজিবি॥  

রাশিয়া থেকে দু’টি এমআই সিরিজের হেলিকপ্টার কিনছে বিজিবি॥   

নিউজ ডেস্কঃ রাশিয়ার কাছ থেকে ৩৮ মিলিয়ন ডলার (৩০৪ কোটি টাকা) ব্যয়ে এমআই (MI-171E) সিরিজের দু’টি হেলিকপ্টার কেনার চুক্তি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। একটি ত্রিমাত্রিক বাহিনী গঠনে এ দু’টি হেলিকপ্টার বিজিবির জন্য সহায়ক হবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের। আজ মঙ্গলবার বিজিবি সদর দফতরের সম্মেলন কক্ষে জেএসসি রাশিয়া হেলিকপ্টারস সঙ্গে এ চুক্তি সম্পন্ন হয়েছে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল,বিজিবি মহাপরিচালক সাফিনুল ইসলাম, ঢাকায় রাশিয়ান দূতাবাসে নিযুক্ত মিলিটারি, এয়ার অ্যান্ড নেভাল অ্যাটাশে কর্নেল ইউরি পি লেভশেঙ্কোসহ দু’দেশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সীমান্তের দুর্গম এলাকায় নজরদারি বৃদ্ধি, সেসব স্থানে বিওপি তৈরি, লজিস্টিক সহায়তা পৌঁছানো, উদ্ধার অভিযান ও বিজিবির অপারেশনাল সক্ষমতা বাড়ানোর জন্য এ দু’টি হেলিকপ্টার কেনা হচ্ছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের দেশের সীমান্তে বেশ কিছু এলাকা আছে যা দুর্গম। সেসব স্থানে যাতায়াত ও নজরদারির জন্য হেলিকপ্টারের প্রয়োজন হয়। আপাতত দু’টি কেনা হচ্ছে। প্রয়োজনে আরও বাড়ানো হবে। জিরো ভিজিবিলিটিতে সুনির্দিষ্ট গন্তব্যে পৌঁছতে পারে এমআই সিরিজের এই হেলিকপ্টার। ২৬ জন আরোহী নিয়ে চলাচল করতে পারা এই সিরিজের হেলিকপ্টার ইতিমধ্যে বাংলাদেশ সেনাবাহিনী, বিমানবাহিনীসহ অন্যান্য বাহিনীতে ব্যবহার হচ্ছে। তবে অন্য হেলিকপ্টারগুলো আর্মি ভার্সন হলেও বিজিবির জন্য কেনা হচ্ছে সিভিল ভার্সন। হেলিকপ্টার কেনার চুক্তিতে বিজিবির মহাপরিচালক সাফিনুল ইসলাম ও জেএসসি রাশিয়া হেলিকপ্টারস এর পক্ষে আন্দ্রে ফোর্তে চুক্তি স্বাক্ষর করেন। বাংলাদেশ সরকারের জিটুজি পদ্ধতিতে এ দু’টি হেলিকপ্টার কেনা হচ্ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন