
নিউজ ডেস্কঃ পানি ব্যবস্থাপনা এবং নদীর ভাঙনরোধ বিশেষ করে ডেল্টা পরিকল্পনা-২১০০ বাস্তবায়নে নেদারল্যান্ডসের আরও সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঢাকায় নেদারল্যন্ডসের নব-নিযুক্ত রাষ্ট্রদূত হেনড্রিকাস জি জে হ্যারি আজ সোমবার প্রধানমন্ত্রীর সঙ্গে গণভবনে সাক্ষাত করতে গেলে তিনি এ সহযোগিতা চান। প্রধানমন্ত্রীকে উদ্বৃত করে তার প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফিংয়ে বলেন, আমরা পানি ব্যবস্থাপনার ক্ষেত্রে, নদীর ভাঙনরোধে এবং একইসঙ্গে ডেল্টা পরিকল্পনা-২১০০ বাস্তবায়নে নেদারল্যান্ডসের সহযোগিতা কামনা করছি। ডেল্টা পরিকল্পনা-২১০০ বাস্তবায়নে সহযোগিতার জন্য নেদারল্যান্ডসের প্রতি কৃতজ্ঞতা জানান প্রধানমন্ত্রী। নব-নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত এ সময় ডেল্টা পরিকল্পনা-২১০০ বাস্তবায়নে বাংলাদেশকে তার সরকারের সবরকমের সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দিয়ে বলেন, দুই দেশের দীর্ঘমেয়াদি একই ধরনের একটি পরিকল্পনা রয়েছে।
রাষ্ট্রদূত হ্যারি মিয়ানমারকে বাংলাদেশ থেকে তাদের রোহিঙ্গা জনগোষ্ঠীকে ফেরত নেয়ার বিষয়ে আন্তর্জাতিক চাপ অব্যাহত রাখার ওপরও গুরুত্বারোপ করেন। তিনি বলেন, মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্ত্যুচ্যুত রোহিঙ্গা নাগরিকদের বাংলাদেশ থেকে ফেরত নিয়ে যাওয়ার ক্ষেত্রে আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপ অব্যাহত রাখতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, রোহিঙ্গাদের বসবাসের জন্য মিয়ানমারের রাখাইন রাজ্যে ঘর-বাড়ি নির্মাণ করে দিচ্ছে চীন ও ভারত। অন্যদিকে জাপানও এ বিষয়ে সহযোগিতার আশ্বাস দিয়েছে। দেশব্যাপী একশ’টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠায় তার সরকারের উদ্যোগ তুলে ধরে তিনি বলেন, সেখানে শিল্প স্থাপনের জন্য জমি বরাদ্দ করা হচ্ছে এবং সরকার সেখানে বিদেশি বিনিয়োগকে আমন্ত্রণ জানাচ্ছে। প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো.নজিবুর রহমান ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র সচিব সাজ্জাদুল হাসান এ সময় উপস্থিত ছিলেন।