
নিউজ ডেস্কঃ জামায়াত-বিএনপিকে সঙ্গে নিয়ে দীর্ঘ ৯ মাসে অনেক ব্যারিস্টার ধরেও ড. কামাল খালেদা জিয়াকে মুক্ত করতে পারেননি বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি বলেছেন, খালেদা জিয়ার ধানের শীষ এখন জনগণের পেটের বিষ। দীর্ঘ ৯ মাসে অনেক ব্যারিস্টার ধরেও খালেদা জিয়াকে মুক্ত করতে পারেননি ড. কামাল। সেমিফাইনালে হেরে গেছেন, এবার আগামী ৩০ ডিসেম্বর ফাইনাল খেলাতেও হেরে যাবেন তিনি। আজ সোমবার দুপুরে সিরাজগঞ্জ পৌরসভার কোবদাসপাড়ায় সিরাজগঞ্জ-২ (সদর ও কামারখন্দ) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী প্রফেসর ডা. হাবিবে মিল্লাত মুন্নার নির্বাচনি সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
স্বাস্থ্যমন্ত্রী নাসিম বলেন, শেখ হাসিনার কোনও বিকল্প নেই। শেখ হাসিনার বিকল্প শুধু শেখ হাসিনাই। বিদেশি পত্র-পত্রিকাসহ সারা দুনিয়া এবার বলছে এবার শেখ হাসিনাই জয়ী হবে। তার উন্নয়ন ও জঙ্গি দমনের কারণে বিশ্বের নেতারাও আবারও তাকে দেখতে ক্ষমতায় দেখতে চান। শিক্ষকদের মর্যাদা ও কওমি মাদ্রাসার স্বীকৃতি দিয়ে বিশ্বের দরবারে এ দেশ ও জাতিকে সমৃদ্ধ করেছেন তিনি। নাসিম আরও বলেন, বঙ্গবন্ধু কন্যার কারণে এ জেলা ভাঙন মুক্ত হয়েছে। ১৯৯৬ সালে ক্ষমতায় গিয়ে তিনি বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ দেওয়ায় এটি এখন শান্তি ও উন্নয়নের শহর। প্রয়াত জাতীয় নেতা শহীদ মনসুর আলী, স্থানীয় নেতা মোতাহার হোসেন তালুকদার, মুক্তিযুদ্ধের সংগঠক আমির হোসেন ভুলু ও আব্দুল লতিফ মির্জার কারণে এটি বরাবরই ঐতিহ্যবাহী শহর। তাই মুন্নাসহ সিরাজগঞ্জের ৬টি আসনে নৌকায় ভোট দিয়ে আওয়ামী লীগ প্রার্থীদের জয় মানেই শেখ হাসিনার জয়। শেখ হাসিনার জয় মানেই আবারও সিরাজগঞ্জে উন্নয়ন।