
নিউজ ডেস্কঃ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে সরকার গড়লে একাত্তরের যুদ্ধাপরাধীদের বিচার অব্যাহত রাখবে বলে প্রতিশ্রুতি দিয়েছে বিএনপি-গণফোরামসহ কয়েকটি দলের সমন্বয়ে গঠিত জাতীয় ঐক্যফ্রন্ট। আজ সোমবার দুপুরে রাজধানীর মতিঝিলের হোটেল পূর্বাণী ইন্টারন্যাশনালে সংবাদ সম্মেলন করে এই প্রতিশ্রুতিসহ ঐক্যফ্রন্টের ইশতেহার ঘোষণা করা হয়। ইশতেহার ঘোষণা করেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন। ক্ষমতায় গেলে প্রথম বছরে গ্যাস ও বিদ্যুতের দাম বাড়বে না বলে প্রতিশ্রুতি দিয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট।
ইশতেহারে ঐক্যফ্রন্ট আরও যেসব প্রতিশ্রুতি দিয়েছে, সেগুলো হচ্ছে: জাতীয় ঐক্য গড়া, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য আনতে পরপর দুই মেয়াদের বেশি কোনো ব্যক্তি প্রধানমন্ত্রী থাকতে পারবে না, মত প্রকাশের স্বাধীনতা ও নাগরিকরদের নিরাপত্তা বিধান, তৈরি করা হবে নির্বাচনকালীন সরকারের বিধান, বাতিল করা হবে ডিজিটাল নিরাপত্তা আইন, নিশ্চিত করা হবে প্রবাসীদের ভোটাধিকার, সব নাগরিককে স্বাস্থ্য কার্ড দেয়া হবে, পুলিশ ও সামরিক বাহিনী ব্যতিত সরকারি চাকরিতে প্রবেশের কোনো বসয়সীমা থাকবে না, পিএসসি-জেএসসি পরীক্ষা বাতিল করা হবে, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও গুম পুরোপুরি বন্ধ করা হবে, অর্থ পাচার রোধে কার্যকর ব্যবস্থা নেয়া হবে ও পাচারকৃত অর্থ ফেরত আনা হবে।