
নিউজ ডেস্কঃ চাঁদপুর-৩ আসনে মহাজোট প্রার্থী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি বলেছেন, আমরা বানের জলে ভেসে আসা দলের রাজনীতি করি না, আমরা বাপে খেদানো, মায়ে তাড়ানো নেতাদের নিয়ে জোট করি না। আমাদের ভদ্রতাকে দুর্বলতা ভাবা ঠিক নয়। আমি ভুল রাজনীতি করি না। আমি সাংবাদিক পরিবারে বড় হয়েছি। আমরা রাজনীতির পরিবেশ কুলসিত করতে চাই না এবং কেউ এটি করুক সেটিও হতে দেওয়া হবে না। আমি একজন আইনজীবী, তাই আইন মেনেই কাজ করি। বাংলাদেশ আওয়ামী লীগ আইন ভঙ্গকারী দল না। আওয়ামী লীগ বাংলাদেশের সংবিধান রচনা করেছে। গতকাল শনিবার সন্ধ্যায় চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে চাঁদপুর-৩ আসনের নির্বাচন পরিচালনা কমিটির আয়োজনে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
ঐক্যফ্রন্ট প্রার্থী জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ আহমেদ মানিকের অভিযোগের বিষয়ে ডা. দীপু মনি বলেন, জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী সাংবাদিক সম্মেলনে অনেকগুলো মিথ্যা অভিযোগ করেছেন। আমরা মনেকরি এই মিথ্যাচারের জবাব দেওয়া উচিত। তা না হলে তারা এই মিথ্যাচার করতে করতে মিথ্যাকে সত্য হিসেবে প্রতিষ্ঠিত করবে। এই মিথ্যাচার তারা অতীতেও করেছে। যারা আমাদের স্বাধীনতার বিরোধীতা করেছে তাদের প্রজন্মকে ঐক্যফ্রন্ট মনোনয়ন দিয়েছে। ডা. দীপু মনি আরও বলেন, মানুষের মাঝে ধুম্রজাল সৃষ্টির জন্য তারা মিথ্যাচার করছে। ১৫ ডিসেম্বর ৮নং ওয়ার্ড এবং ৫নং কয়লাঘাটে আমাদের পক্ষে গণসংযোগকারীদের ওপর হামলা করা হয়েছে। বিএনপি প্রার্থী তার পরাজয় নিশ্চিত জেনে আগে থেকেই এই নির্বাচনকে বিতর্কিত করার জন্য এসব করছে। নির্বাচনী পরিবেশ নষ্ট করার অধিকার কারও নেই।