
নিউজ ডেস্কঃ মহান বিজয় দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ আওয়ামী লীগ। আজ শনিবার আওয়ামী লীগের দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কর্মসূচি জানানো হয়। কর্মসূচির মধ্যে রয়েছে, আগামীকাল রবিবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সময় দলের কেন্দ্রীয় কার্যালয়ে, বঙ্গবন্ধু ভবনসহ দেশব্যাপী সংগঠনের কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করা হবে। সকাল ৬টা ৩৪ মিনিটে সাভার জাতীয় স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য অর্পণ করা হবে। সেখানে প্রথমে প্রধানমন্ত্রী ও পরে আওয়ামী লীগ সভাপতি হিসেবে দলের শীর্ষ নেতাদের নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন শেখ হাসিনা।
সকাল ৮টায় ধানমন্ডির ৩২ নম্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হবে। সকাল ১০টায় টুঙ্গিপাড়ায় চিরনিদ্রায় শায়িত বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন, দোয়া ও মিলাদ-মাহফিল অনুষ্ঠিত হবে। দিবসটি উপলক্ষে পরদিন ১৭ ডিসেম্বর (সোমবার) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এতে সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী ওবায়দুল কাদের বিজয় দিবস উপলক্ষে আওয়ামী লীগের কর্মসূচিতে অংশ নেওয়ার জন্য দেশের সব শাখা আওয়ামী লীগ ও সহযোগী, ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতা-কর্মী, সমর্থক, শুভানুধ্যায়ী ও সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন।