
নিউজ ডেস্কঃ আওয়ামী লীগ উপদেষ্টা মণ্ডলীর সদস্য,বর্ষীয়ান আওয়ামী লীগ নেতা ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন,ড. কামাল হোসেন নীতি পরিবর্তনকারী। কামাল হোসেন বঙ্গবন্ধু সরকারের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন। সেই কামাল হোসেন আজকে নীতির পরিবর্তন করে ধানের শীষের পক্ষ নিয়েছেন। ধানের শীষের প্রতীক নিয়ে কামাল হোসেন স্বাধীনতাবিরোধীদের পক্ষ নিয়েছেন। আজ মঙ্গলবার বিকেলে সদর উপজেলার ভেলুমিয়া ইউনিয়নের জৈনপুর হুজুরের মাঠে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তোফায়েল আহমেদ এ কথা বলেন। তোফায়েল আহমেদ বলেন,একাদশ নির্বাচন অংশগ্রহণমূলক হতে চলেছে। এই নির্বাচন দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এ নির্বাচনের মধ্য দিয়ে প্রমাণিত হবে স্বাধীনতার মূল্যবোধের বিজয়ী হবে নাকি,স্বাধীনতার বিরোধীরা বিজয়ী হবে। তোফায়েল আহমেদ আরো বলেন,আমাদের কাছে ক্ষমতার চাইতে আদর্শ অনেক বড়। আমি নীতি পরিবর্তন করলে শুধু মন্ত্রী নয় তার চেয়েও বড় কিছু হতে পারতাম। জিয়াউর রহমান চেষ্টা করেছে,এরশাদ চেষ্টা করেছে। সাত বার জেলে গিয়েছি,ফাঁসির আসামির মতো আমাকে জেলে রাখা হয়েছিল কিন্তু আদর্শ পরিবর্তন করি নাই। ২০০১ এর পরে বিএনপি জোট সরকার আমার গাড়ি ভেঙেছে,গুলি করেছে,বোমা মেরেছে। বাড়িতে আক্রমণ করেছে।
বর্তমান রাষ্টপতি তৎকালীন সময়ে ভোলায় এসেছিলেন তাকে মিটিং করতে দেয় নাই বিএনপি। কিন্তু আমরা ক্ষমতায় এসে কোনো প্রতিশোধ নেই নাই। বাংলাদেশের আজ অভূতপূর্ব উন্নয়ন চিত্র তুলে ধরে তোফায়েল আহমেদ বলেন,অভূতপুর্ব উন্নয়ন হয়েছে দেশে। আজ আমাদের মাথাপিছু আয় ১৭শ ৫১ ডলার। রপ্তানী ৪১ বিলিয়ন ডলার। রির্জাভ ৩৩ বিলিয়ন ডলার। ঘরে ঘরে বর্তমান সরকার বিদ্যুৎ পৌঁছে দিয়েছে। মানুষের জীবন মানের অনেক পরিবর্তন এসেছে। আগামী নির্বাচনের পর ভোলা, বরিশাল ব্রিজ নির্মাণের কাজ শুরু করা হবে। ৩ বছরের মধ্যে সেতু নির্মাণ কাজ সম্পন্ন হবে। সেতুটি হলে খুব সহজেই মানুষ সড়ক পথে বরিশাল হয়ে অল্প সময়ে ঢাকা যেতে পারবে। ভোলাকে কেউ আর তখন বিচ্ছিন্ন জেলা বলতে পারবে না। এ সময় তোফায়েল আহমেদ আশা প্রকাশ করে বলেন,বাংলার মানুষ শেখ হাসিনাকে নৌকা মার্কায় ভোট দিয়ে স্বাধীনতার চেতনা ও মূল্যবোধের পক্ষে ভোট দেবে। ভেলুমিয়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মোঃ আব্দুছ সালাম মাস্টারের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মমিন টুলু,সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মোশারেফ হোসেন,জেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব,উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ।