
নিউজ ডেস্কঃ যুবলীগের চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী বলেছেন, কেন্দ্র পাহারা দেয়া যুবলীগের কাজ নয়, এ কাজ পুলিশের। যুবলীগের কাজ হলো জনমত সৃষ্টি করা। বিএনপির যারা মনোনয়ন পেয়েছেন তাদের শতকরা ৯০ ভাগই দুর্নীতিবাজ এবং সন্ত্রাসী মন্তব্য করে তিনি তরুণ ও যুববান্ধব রাষ্ট্রনায়ক শেখ হাসিনাকে পুনরায় নির্বাচিত করতে ফেসবুক, ইউটিউব ও অনলাইনসহ সোশ্যাল মিডিয়ায় সরকারের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরতে যুবলীগের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান। গতকাল রবিবার বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের যৌথ সভায় তিনি একথা বলেন।
যুবলীগ চেয়ারম্যান বলেন, এতোদিনে বোঝা গেল কেন বিএনপি তাদের গঠনতন্ত্রের ৭ ধারা বাতিল করেছিল। এই ৭ ধারা বাতিল করে বিএনপি খুনী, সন্ত্রাসী, জঙ্গী এবং দুর্নীতিবাজদের নির্বাচন করার সুযোগ করে দিয়েছে। বিএনপির যারা মনোনয়ন পেয়েছে তাদের শতকরা ৯০ ভাগই দুর্নীতিবাজ এবং সন্ত্রাসী। এরা যখন নির্বাচন কমিশন থেকে মনোনয়ন বৈধতা পেলো, তখন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচন কমিশনকে (ইসি) ধন্যবাদ দিলেন। আর বেগম খালেদা জিয়ার মনোনয়ন যখন বাতিল করা হলো, তখন তারা সমালোচনা করছেন, বলছেন ইসি পক্ষপাত দুষ্ট। তিনি বলেন, তাহলে বিএনপির যেসব চিহ্নিত দুর্নীতিবাজের মনোনয়নপত্রকে ইসি বৈধতা দিয়েছে সেটা পক্ষপাত দুষ্ট ছিল? যেসব সন্ত্রাসীর প্রার্থিতাকে বৈধতা দিয়েছে তা ভুল ছিল? এটাই হলো বিএনপির রাজনীতি, সবকিছু নিজেদের পক্ষে চায়। আগামী নির্বাচনে বিএনপি জয়ী হলে বাংলাদেশে দুর্নীতিবাজ, সন্ত্রাসী ও জঙ্গী শাসন চালু হবে। কিন্তু দেশের যুব সমাজ তা মেনে নেবে না। যুব সমাজ শেখ হাসিনার উন্নয়নের প্রতি সমর্থন জানিয়ে তাকে টানা তৃতীয় মেয়াদে ক্ষমতায় আনবে।