News71.com
 Bangladesh
 09 Dec 18, 01:50 PM
 157           
 0
 09 Dec 18, 01:50 PM

ঢাবি উপাচার্যের সঙ্গে চীনা প্রতিনিধি দলের সাক্ষাৎ

ঢাবি উপাচার্যের সঙ্গে চীনা প্রতিনিধি দলের সাক্ষাৎ

নিউজ ডেস্কঃ চীনের শীর্ষস্থানীয় সংগীত প্রতিষ্ঠান সেন্ট্রাল কনজারভেটরি অব মিউজিকের ভাইস চেয়ারপারসন অধ্যাপক জিয়ান হুয়া মিয়াওয়ের নেতৃত্বে চার সদস্যবিশিষ্ট একটি প্রতিনিধি দল ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। আজ রবিবার উপাচার্যের কার্যালয়ে সাক্ষাৎ করেন তারা। প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন- অধ্যাপক ড. জ্যাং বোউ, লিন কিয়াওফুং এবং লিউ চ্যাং। সাক্ষাতের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. কামাল উদ্দীন, সংগীত বিভাগের চেয়ারপারসন মিসেস টুম্পা সমদ্দার, ড. মহসিনা আক্তার খানমসহ কয়েকজন শিক্ষক উপস্থিত ছিলেন।


সাক্ষাৎকালে তারা পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়ে বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং চীনের সংগীত প্রতিষ্ঠান সেন্ট্রাল কনজারভেটরি অব মিউজিকের মধ্যে সংগীত, নৃত্য, থিয়েটার ও চারুকলা বিষয়ে যৌথ শিক্ষা ও গবেষণা কার্যক্রম চালুর সম্ভাব্যতা নিয়ে আলোচনা করেন। উভয় প্রতিষ্ঠানের মধ্যে শিক্ষক ও শিক্ষার্থী বিনিময় নিয়েও বৈঠকে মতবিনিময় করা হয়। এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় এবং সেন্ট্রাল কনজারভেটরি অব মিউজিকের যৌথ উদ্যোগে চীনে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের ব্যাপারে তারা আলোচনা করেন। এসব বিষয়ে শিগগিরই একটি সমঝোতাস্মারক স্বাক্ষরের ব্যাপারেও তারা ঐকমত্যে পৌঁছেন। উপাচার্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংক্ষিপ্ত ইতিহাস এবং এর শিক্ষা ও গবেষণা কার্যক্রম সম্পর্কে চীনা প্রতিনিধি দলকে অবহিত করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন