
নিউজ ডেস্কঃ জ্বালানি সংকটের কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইটের শিডিউল বিপর্যয় দেখা দিয়েছে। গতকাল শনিবার রাত থেকে শিডিউল রক্ষা করতে পারেনি কমপক্ষে পাঁচটি ফ্লাইট। যদিও আজ রবিবার সকালে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। বিমানবন্দরের ফ্লাইট কন্ট্রোল শাখা বলছে, উড়োজাহাজে ঠিকমতো তেল সরবরাহ করতে পারেনি পদ্মা ওয়েল। ফলে জ্বালানি সংকট দেখা দেয়। ফ্লাইট কন্ট্রোল শাখার কর্মকর্তা মাহবুব জানান, জ্বালানি সংকটের কারণে আজ রবিবার মালয়েশিয়ান এয়ারলাইন্সের দুটিসহ বেশ কয়েকটি এয়ারলাইন্সের ফ্লাইট নির্ধারিত সময়ে উড্ডয়ন করতে পারেনি।
ওই কর্মকর্তা আরও বলেন, পদ্মা ওয়েলের টেকনিক্যাল সমস্যার কারণে গতকাল শনিবার বেলা ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত উড়োজাহাজে জ্বালানি দিতে পারেনি। ফলে বেশকিছু ফ্লাইট নির্ধারিত সময়ে ছাড়তে পারেনি। এতে যাত্রী ভোগান্তির শিকার হন। জানা গেছে, রাত থেকে মালায়েশিয়ান এয়ারলাইন্সের এমএইচ ১৬২, এমিরেটস এয়ারলাইন্সের ইকে ৫৮৪, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-০৩৭, রিজেন্টের আরএক্স-৭৮২, থাই লায়ন এয়ারের এসএল-২২৫ ফ্লাইট নির্ধারিত সময়ে শাহজালাল বিমানবন্দর থেকে ছেড়ে যেতে পারেনি। তবে রোববার সকালে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে বলে জানিয়েছেন ওই কর্মকর্তা।