News71.com
 Bangladesh
 09 Dec 18, 08:17 AM
 223           
 0
 09 Dec 18, 08:17 AM

বিজয় দিবসে মুক্তিযুদ্ধে শহীদ ভারতীয় সেনাদের সম্মাননা জানাবে বাংলাদেশ  

বিজয় দিবসে মুক্তিযুদ্ধে শহীদ ভারতীয় সেনাদের সম্মাননা জানাবে বাংলাদেশ   

নিউজ ডেস্কঃ ১৯৭১ এর মুক্তিযুদ্ধে বাংলাদেশের পক্ষে লড়াই করতে গিয়ে প্রাণ হারানো ভারতীয় সেনা সদস্যদেরকে সম্মাননা জানাবে বাংলাদেশ। আগামী ১৬ ডিসেম্বর ৪৭ তম বিজয় দিবসে নিহতদের পরিবারকে এ সম্মাননা প্রদান করা হবে। ভারতে নিয়োজিত বাংলাদেশের ডেপুটি হাই কমিশনার তৌফিক হাসান গতকাল শনিবার কলকাতায় অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানিয়েছেন। ১৯৭১ এ মুক্তিযোদ্ধাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে পাকিস্তানের বিরুদ্ধে লড়াইয়ে প্রাণ হারান ২৯৯৮ জন ভারতীয় সেনা। এদের মধ্যে পূর্বাঞ্চলীয় কমান্ডের সেনা শহীদের সংখ্যা ছিল ১৪৭৮ জন। শনিবার ফোর্ট উইলিয়ামে এক সংবাদ সম্মেলন করেন ভারতে নিয়োজিত বাংলাদেশের ডেপুটি হাই কমিশনার তৌফিক হাসান। তিনি জানান, ২৫ জন ভারতীয় শহীদ সেনাকে ১৬ ডিসেম্বর সম্মাননা জানানো হবে। তাদের নাম চূড়ান্ত করার কাজ চলছে।


তৌফিক হাসান বলেন, একটি রূপার পদক, একটি মানপত্র, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তৃতা এবং বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের দু’টি বই তুলে দেওয়া হবে প্রত্যেক শহীদের পরিবারের হাতে। তিনি আরও বলেন, ২০১৭ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ভারত সফরের সময় ৭ জন ভারতীয় শহীদ সেনার পরিবারের হাতে এই সম্মাননা তুলে দিয়েছিলেন। সেই ধারা জারি রেখেই আমরা এ বার আরও কয়েকজন শহিদের পরিবারের হাতে এই সম্মাননা তুলে দিতে চলেছি। ধীরে ধীরে সব শহীদ ভারতীয় সেনাকেই এই সম্মাননা দেওয়া হবে। আন্তর্জাতিক ক্ষেত্রে এর নজির খুব বেশি নেই। মুক্তিযুদ্ধে শহিদ হওয়া সেনাদের সম্মান জানাতে বিজয় স্মারক তৈরি হয়েছে ফোর্ট উইলিয়ামে। তৌফিক বলেন, আমাদের কাছে ১৬০০রও বেশি শহীদ ভারতীয় সেনার নাম রয়েছে, তাদের প্রত্যেককেই আমাদের মুক্তিযুদ্ধে অবদানের স্বীকৃতি দিতে চাই আমরা। ১৬ ডিসেম্বর বাংলাদেশের পাশাপাশি ভারতীয় সেনার পূর্বাঞ্চলীয় কমান্ডেও পালিত হয় বিজয় দিবস। চলতি বছরও তা পালন করা হচ্ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন