News71.com
 Bangladesh
 02 Dec 18, 12:25 PM
 161           
 0
 02 Dec 18, 12:25 PM

বিদেশি পর্যবেক্ষকদের নির্বাচনী আচরণবিধি মেনে চলতে হবে॥এইচ টি ইমাম  

বিদেশি পর্যবেক্ষকদের নির্বাচনী আচরণবিধি মেনে চলতে হবে॥এইচ টি ইমাম   

নিউজ ডেস্কঃ আমাদের দেশে নির্বাচন পর্যবেক্ষণকারী সংস্থা অনেক। ১১৮টি প্রতিষ্ঠান নির্বাচন কমিশনে নিবন্ধিত যারা নির্বাচন পর্যবেক্ষণ করে থাকে। তাদের সদস্য সংখ্যা কয়েক লাখ হবে। তারা সারা দেশে নির্বাচন পর্যবেক্ষণ করবে। এর বাইরে যদি বিদেশি পর্যবেক্ষক আহ্বান করতে থাকি তাহলে তাদের দেখাশোনা করতেই তো সিকিউরিটির অবস্থা খারাপ হয়ে যাবে। এক্ষেত্রে সতর্ক থাকতে বললেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও আওয়ামী লীগের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান এইচ টি ইমাম। একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কয়েকটি দাবি-দাওয়া ও প্রস্তাবনা নিয়ে আজ রবিবার সকালে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।


এ সময় বিদেশি পর্যবেক্ষক আসার ক্ষেত্রে আওয়ামী লীগ তাদের নিরুৎসাহিত করছে বলে জানান এইচ টি ইমাম। তিনি আরো বলেন, আমরাই বলেছি বিদেশিরা আসতে পারে। কিন্তু তারা মাঝেমধ্যে এমনভাবে আসে, সাংবাদিক হিসেবে এসে বলেন আমি পর্যবেক্ষক। এ ধরনের হবে না। আচরণবিধি ও আইন মেনে চলতে হবে। যেই আসবে বাংলাদেশের আইন মেনে চলতে হবে। নির্বাচন কমিশনের বিধিমালায় সুস্পষ্ট আছে, স্থানীয় এনজিও নির্বাচন পর্যবেক্ষণ করলে কী কী করবে আর বিদেশিরা পর্যবেক্ষণ করলে কী কী করবে। নির্বাচনে এসব যেন সকলে মেনে চলেন এবং খুব শক্তভাবে পরিচালনা করা হয়। এইচ টি ইমাম বলেন, আমরা বেশ কয়েক দিন ধরে লক্ষ্য করছি, রাষ্ট্রযন্ত্র সরকার এবং নির্বাচন কমিশনকে বিভিন্ন দিক থেকে উসকানিমূলক বক্তব্য দেওয়া হচ্ছে। এগুলো বন্ধা করা উচিত। যদি সত্যি সত্যি আমরা নির্বাচন কমিশনকে শক্তিশালী করতে চাই, নির্বাচন সুষ্ঠু হওয়া দরকার তাহলে আমাদের বিশ্বাস করতে হবে নির্বাচন কমিশন সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনা করবে এবং করতে পারবে। এক্ষেত্রে মিডিয়ার একটা দায়িত্ব আছে। এর আগে সকাল ১১টা ২৫ মিনিটের দিকে আগারগাঁওয়ের নির্বাচন ভবনের কনফারেন্স রুমে বৈঠকে বসেন আওয়ামী লীগের নির্বাচনী প্রতিনিধি দল।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন