
নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাধীনতা, গণতন্ত্র ও সংবিধানের অতন্দ্র প্রহরী হিসেবে অভিহিত করে সমাজবিজ্ঞানী ড. অনুপম সেন বলেছেন, শেখ হাসিনা বাঙালি জাতিসত্তার রক্ষাকবচ। তিনি বাংলাদেশের অপার সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছেন। তার নেতৃত্বে উন্নয়নের সকল সূচকে বাংলাদেশের এগিয়ে যাওয়া এখন বিশ্বের বিস্ময়। তিনি বলেছেন, এ অর্জনের ধারাবাহিকতা রক্ষায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনার নৌকা প্রতীকের বিজয়ের কোনো বিকল্প নেই। আজ শনিবার (১ ডিসেম্বর) কেন্দ্রীয় শহীদ মিনারে বিজয়ের মাস ডিসেম্বরকে বরণ এবং মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত প্রদীপ প্রজ্জ্বলন ও আলোচনা সভায় তিনি এসব কথা বলেন ।
ড. অনুপম সেন বলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে একটি নিরস্ত্র জাতি সামগ্রিকভাবেই সশস্ত্র হয়ে উঠেছিলো। বঙ্গবন্ধু ২৬শে মার্চের অনেক আগে থেকেই বাঙালি জাতিকে সশস্ত্র মুক্তিসংগ্রামে অনুপ্রাণিত করেছিলেন। তাই স্বাধীনতার আনুষ্ঠানিক ঘোষণার সঙ্গে সঙ্গে দেশ অগ্নিগর্ভ হয়ে উঠে। এ গৌরবগাথা পৃথিবীর বিভিন্ন জাতির মুক্তিসংগ্রামকে প্রেরণা দিয়েছিলো। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ড. মনজুরুল আমীন চৌধুরী বলেন, মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে একটি বিজয়ী জাতির স্বাধীনতা কখনো ব্যর্থ হতে পারে না। আমরা এ সত্যটিকে ধারন করে যাচ্ছি বলেই কোন দুঃসময় চিরস্থায়ী হয়নি। শেখ হাসিনা আমাদের সুসময়ের ঠিকানা ।
বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট চট্টগ্রাম জেলার সহ-সভাপতি এইচ এম সোহেল বলেন, মানব সভ্যতার ইতিহাসে যে কোনো দেশের মুক্তিযুদ্ধ মানবতাকেই বিজয়ী করেছে। এ বিজয় আমাদের কাছে ভালবাসা ও আনুগত্যের ধন। এ ধনটিতে কোন পাপ স্পর্শ করতে পারে না। বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক খোরশেদ আলমের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন, রওশন আরা, যদু গোপাল বৈষ্ণব, দীপঙ্কর চৌধুরী কাজল, অলিদ চৌধুরী, শওকত আলী সেলিম প্রমুখ।