
নিউজ ডেস্কঃ বিএনপি, জামায়াতের সঙ্গ ছেড়ে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির কাছে ফিরে আসতে কাদের সিদ্দিকী এবং আ স ম আবদুর রবের প্রতি আহ্বান জানিয়েছেন ১৪ দলের সমন্বয়ক মোহাম্মদ নাসিম। তাদেরকে বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী এবং মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ হিসেবে গণ্য করেই এই আহবান জানান নাসিম। ডিসেম্বরের প্রথম দিনে রাজধানীর শাহবাগে মুক্তিযোদ্ধা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহবান জানান। মোহামদ নাসিম বলেন,এখনও সময় আছে কাদের সিদ্দিকী রব সাহেবরা জামায়াত বিএনপির সঙ্গে সম্পর্কে শেষ করে মুক্তিযুদ্ধের শক্তির পক্ষে আসেন। কী কারণে আপনারা মুক্তিযুদ্ধের বিরোধী শক্তির সঙ্গে জোট করেছেন? শুধুমাত্র এমপি হওয়ার জন্য। আপনারা মুক্তিযুদ্ধের কথা বলেন,বঙ্গবন্ধুর কথা বলেন,নিজেরাও মুক্তিযুদ্ধ করেছেন তাই আপনাদের মুক্তিযুদ্ধের বিরোধী শক্তির সঙ্গে সম্পর্ক ছিন্ন করে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির কাছে ফিরে আসার আহ্বান জানাবো। এসময় বিএনপির সমালোচনা করে স্বাস্থ্যমন্ত্রী বলেন,এবারের লড়াই হবে চূড়ান্ত লড়াই। তারা বিএনপি বলেছিলো শেখ হাসিনার অধীনে নির্বাচনে আসবে না। এখন বিএনপি, জামায়াত নাকে খত দিয়ে নির্বাচন করছে। এখন বলছেন আওয়ামী লীগ পরাজিত হবে। তাদের বলে রাখতে চাই আওয়ামী লীগ কখনও পরাজিত হয় না৷ এবার ভোটের বিপ্লব হবে,ইনশাল্লাহ্। এমন বিপ্লব করবো বিএনপিকে খুঁজেও পাওয়া যাবে না। বিএনপিকে জামায়াতের সঙ্গ ছাড়ার আহ্বান জানিয়ে ১৪ দলের এ মুখপাত্র বলেন,এখনও সময় আছে জামায়াতকে ছেড়ে মুক্তিযুদ্ধের পক্ষে আসেন। নাহলে এমন সময় আসবে মানুষের সামনে দাঁড়াতে পারবেন না।